
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার উদ্ববগঞ্জ-তালতলা সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটির আনন্দবাজার এলাকায় আছে একটি বেইলি সেতু। এই সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ায় পাঁচ বছর ধরে উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কয়েকজন এলাকাবাসী ও ব্যবসায়ী বলেন, উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে সদরের উদ্ববগঞ্জ থেকে আনন্দবাজার ও বারদি বাজার হয়ে তালতলা পর্যন্ত সড়কটি। এই সড়কের আনন্দবাজারের পাশের বেইলি সেতুটির বিভিন্ন অংশে মরিচা পড়ে এটি জরাজীর্ণ হয়ে গেছে। এতে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাঁচ বছর ধরে উপজেলা প্রশাসন এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রেখেছে। ফলে সেতু দিয়ে বাস, ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত বড় গাড়ি চলাচল করতে না পারায় আনন্দবাজার, বারদি বাজারের ব্যবসায়ীরা মালামাল পরিবহন করতে পারছেন না। পাশাপাশি উপজেলার সনমান্দি, বারদি, বৈদ্যেরবাজার, জামপুর, সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের ৬৫ গ্রামের বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছেন। এ ছাড়া বারদিতে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এবং ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাড়িতে বাস ও ব্যক্তিগত বড় গাড়ি নিয়ে দর্শনার্থী ও পর্যটকেরা আসা-যাওয়া করতে পারছেন না।
আনন্দবাজারের ব্যবসায়ী রোমান মিয়া বলেন, জরাজীর্ণ সেতুর কারণে উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর একটি স্থানীয় মানুষের ব্যবসা-বাণিজ্য ও জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব ফেলছে। এই সেতু নির্মাণের জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরে মানুষ এখন ক্লান্ত।
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন পাঁচ বছরে সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সাংসদ ও যোগাযোগ মন্ত্রণালয়ে চারবার লিখিত আবেদন করে শুধু কর্মকর্তাদের আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। এই সেতু নতুন করে নির্মাণ করা না হলে মানুষের দুর্ভোগ কমবে না। ব্যবসা-বাণিজ্য, পর্যটনসহ সব ক্ষেত্রে এই সেতুর নেতিবাচক প্রভাব পড়েছে।’
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও ব্যক্তিগত ছোট গাড়ি ধীরগতিতে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে। সেতুর ওপর বসানো ইস্পাতের দুই পাশের অংশ ও স্টিলের খুঁটির এক পাশ ভেঙে আছে। প্রায় পুরো সেতুতেই মরিচা পড়ে আছে। সেতুর বিভিন্ন অংশ ভাঙা।
সিএনজিচালিত অটোরিকশার চালক নাঈম মিয়া বলেন, ‘আমরা ছোট যানবাহন নিয়েই এই সেতু দিয়ে ঝুঁকিতে চলাচল করি। বড় কোনো ভারী যানবাহন সেতুতে চলাচল করতে পারছে না।’
সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় আনন্দবাজার এলাকায় অবস্থিত আমান অর্থনৈতিক অঞ্চলের আমান সিমেন্ট কারখানার কোনো যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। কারখানাটির উৎপাদিত সিমেন্ট একমুখী সড়ক দিয়ে উপজেলা সদর হয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। আমান গ্রুপের পরিচালক রবিউল হক বলেন, ‘সেতুটি ব্যবহার করতে পারলে আমাদের পণ্য সিলেট, ঢাকাসহ দেশের উত্তরাঞ্চলে সহজে যাতায়াত করতে পারত।’
জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন বলেন, সেতুটি নির্মাণের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।