এক সেতুর জন্য দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা সদর উপজেলার ডালভাঙা বাজারসংলগ্ন সেতুটি ধসে পড়ার দুই বছর পরও সংস্কার করা হয়নি। ঝুঁকি নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
বরগুনা সদর উপজেলার ডালভাঙা বাজারসংলগ্ন সেতুটি ধসে পড়ার দুই বছর পরও সংস্কার করা হয়নি। ঝুঁকি নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা বাজারসংলগ্ন সেতুটি ধসে পড়ার প্রায় দুই বছর পরও সংস্কার করা হয়নি। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সেতুটি দিয়ে চলাচল করছে দশ গ্রামের মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে। ভাঙা অংশে কাঠের তক্তা ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে লোকজন চলাচল করছে।
উত্তর ও দক্ষিণ ডালভাঙা, ফুলঢলুয়া, লতাবাড়িয়া, বরইতলাসহ প্রায় ১০ গ্রামের মানুষ এ সেতু দিয়ে জেলা শহর বরগুনায় যাতায়াত করে।
কাঁঠালতলী গ্রামের কৃষক আবদুল হক বলেন, সেতুটি ধসে পড়ায় তাঁদের গ্রামের ধান ও অন্য ফসল বাজারে নিতে সমস্যা হচ্ছে। মাইলের পর মাইল মাথায় করে কৃষিপণ্য বাজারে আনা-নেওয়া করতে হচ্ছে। অন্য পথ দিয়ে যেতে হলে প্রায় পাঁচ কিলোমিটার অতিরিক্ত হাঁটতে হয়।
ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ বলেন, ডালভাঙা, মোল্লারহোড়া এলাকার প্রায় ১২ হাজার মানুষ এ সেতু ব্যবহার করে।
এ ছাড়া স্থানীয় মোল্লারহোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় ও ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী প্রতিদিন সেতুটি দিয়ে চলাচল করে। নড়বড়ে সেতু পার হতে গিয়ে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ১৯৯৮ সালে ডালভাঙা খালের ওপর লোহার কাঠামোর ওপর সিমেন্টের স্লিপারের পাটাতন দিয়ে সেতুটি নির্মাণ করা হয়। মোল্লারহোড়া এলাকার কয়েক ব্যক্তি বলেন, সেতু নির্মাণের পর রক্ষণাবেক্ষণ ও মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটির লোহার খুঁটি নড়বড়ে হয়ে যায়। পাটাতনের বেশ কয়েকটি স্থানে সিমেন্টের স্লিপার ভেঙে যায়। ২০১৩ সালের ১৩ মে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সেতুটির মাঝখানের তিনটি লোহার খুঁটিসহ সেতুর অর্ধেকের বেশি অংশ ভেঙে যায়। এতে সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
কাঁঠালতলী গ্রামের বাসিন্দা বাবুল মোল্লা বলেন, সেতুটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ঢলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বলেন, সেতুটির ব্যাপারে এলজিইডির বরগুনা সদর উপজেলা প্রকৌশলীর কাছে বারবার বলেও কোনো ফল পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে এলাকার লোকজন কাঠ ও বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করছে।
এলজিইডির বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা সেতুটি পরিদর্শন করেছি। অত্যধিক ঝুঁকিপূর্ণ বলে এটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই কাজ শুরু করা হবে।’