এক সেমিস্টার অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে এক সেমিস্টার অননুমোদিতভাবে অনুপস্থিত থাকলে তাঁর ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত আসছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়েছে। এখন এই সুপারিশ সিন্ডিকেটের অনুমোদন পেলে চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, এর আগে পরপর দুই সেমিস্টার অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হতো। এ ছাড়া বৈঠকে কোনো শিক্ষার্থী টানা ১০ দিন অনুপস্থিত থাকলে তাঁর ব্যাপারে তথ্য দেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
একজন কর্মকর্তা বলেন, প্রত্যেকটি বিভাগের কাছে ছাত্র-শিক্ষকদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। কোনো বিভাগের কোনো ছাত্র কিংবা শিক্ষক অনুপস্থিত কি না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
হলি আর্টিজান রেস্তোরাঁয় ও শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সরাসরি জড়িত ছিলেন। এঁদের মধ্যে হলি আর্টিজানে হামলাকারী নিবরাস ইসলাম সাবেক এবং শোলাকিয়ায় হামলাকারী আবির রহমান বিশ্ববিদ্যালয়টির বর্তমান শিক্ষার্থী। এঁদের মধ্যে আবির কয়েক মাস ধরেই নিখোঁজ ছিলেন। এঁরা দুজনই হামলার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন। এর আগেও এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। কিন্তু সম্প্রতি দুই জঙ্গি হামলার ঘটনায় এই বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর জড়িত থাকায় নতুন করে আলোচনা হচ্ছে। এমন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এল।