রাজধানী ঢাকা ও দুই জেলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এ নিয়ে গত ৩৪ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৩১৪ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাতে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীতে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন একটি নির্মাণাধীন মার্কেটের ফোরম্যান বাদল মিয়া (৪০) ও মাছ ব্যবসায়ী মাজেদুল ইসলাম (৪০)। গতকাল সকালে মুগদা জেনারেল হাসপাতালের সামনে একটি গাড়ি মাছ ব্যবসায়ী মাজেদুলকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এদিকে গতকাল দুপুরে ভাটারার আই ব্লকের ৩ নম্বর সড়কে গাড়িচাপায় নিহত হন বাদল মিয়া। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বড় রাউরায়।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল বিকেলে ট্রাকচাপায় মোহাম্মদ আলী (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে ওই গ্রামের মোজাম হোসেনের ছেলে। পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে একটি প্রাইভেট কার পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক সাইফুল ইসলাম (৪৮) নিহত হন। তিনি উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামে।
বগুড়ার আদমদীঘির ডহরপুর রাস্তায় গতকাল সকালে পিকআপের ধাক্কায় আবু রায়হান (২৮) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। পিকআপটি আটক করতে পারেনি পুলিশ। অন্যদিকে বগুড়ার শেরপুরের সিংহবাড়ী সেতু এলাকায় গত মঙ্গলবার রাতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ফণি মোহন সরকার (৫০) নামের এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। নিহত ব্যক্তির বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছোটকাঞ্চি গ্রামে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়েছে।