এক স্কুলেরই ৩২ ছাত্রীর বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ । প্রতীকী ছবি
বাল্যবিবাহ । প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামে গত বছর ৩২টি মেয়ে বাল্যবিবাহের শিকার হয়েছে। এরা সবাই নুনেরটেক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সরেজমিনে এ তথ্য পাওয়া যায়।

বাল্যবিবাহের শিকার শিক্ষার্থীদের পরিবার ও বিদ্যালয়ের হাজিরা খাতা এবং অফিসের নথি ঘেঁটে জানা যায়, গত বছর ৩২ জনের বাল্যবিবাহ হয়েছে। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ৮ জন, সপ্তম শ্রেণির ১২ জন, অষ্টম শ্রেণির ১ জন, নবম শ্রেণির ৯ জনের বাল্যবিবাহ দেওয়া হয়। এ ছাড়া আরও দুই ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে। বিদ্যালয়ের হাজিরা খাতায় তাদের নাম পাওয়া যায়নি। তবে গ্রামবাসী ও কয়েকজন সহপাঠী তাদের বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, যে ৩২ জনের বাল্যবিবাহ হয়, তাদের ২৮ জনের পাত্রই প্রবাসী। প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য টেলিফোনে ও দূরের আত্মীয়স্বজনের বাড়িতে নিয়ে এসব বাল্যবিবাহ দেওয়া হয়।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সোহানা আক্তার বলে, ‘চোখের সামনে দেখছি, আমাদের সহপাঠীদের একের পর এক বাল্যবিবাহ হচ্ছে। আমাদের সহপাঠীরা অনেকেই এখন সন্তানের মা হয়েছে। অভিভাবকেরা গোপনে অন্যত্র নিয়ে তাঁদের মেয়েদের বিয়ে দেন। অনেক দিন কেউ স্কুলে অনুপস্থিত থাকলে পরে খোঁজ নিয়ে জানতে পারি, বিয়ে হয়েছে। বাল্যবিবাহ রোধ করতে হলে আমাদের অভিভাবকদের সবার আগে সচেতন হতে হবে।’

প্রায় আড়াই মাস আগে বাল্যবিবাহের শিকার ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থীর বাবা বলেন, ‘ছোট মাইয়াদের (মেয়েদের) বিয়া আমাগো গ্রামে সারা জীবন ধইরাই চইলা আইছে। মাইয়া মানুষরে পড়ালেখা করাইয়া কী হইব? এই কারণে ছোট থাকতেই বিয়া দিছি। তারা সুখেই আছে।’ সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়েকে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিয়েছি। মেয়ে আরও বড় হলে যৌতুক নিত, ছোট বিধায় যৌতুক লাগেনি।’

নুনেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রামকে বাল্যবিবাহমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু অভিভাবকেরা সচেতন নন।’
নুনেরটেক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজালাল জানান, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ৩২টি বাল্যবিবাহের ঘটনা ঘটেছে। এসব বিবাহের অধিকাংশই গোপনে ও অন্য এলাকায় হয়েছে। এ কারণে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

গ্রামের বাসিন্দা আলী নুর বলেন, যাঁরা মেয়েদের বোঝা মনে করেন, তাঁরা চান মেয়েদের দ্রুত শ্বশুরবাড়ি পাঠাতে। এই গ্রামে যুগ যুগ ধরেই বাল্যবিবাহ চলে আসছে। বাল্যবিবাহের কারণে প্রসূতি ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে নুনেরটেক কমিউনিটি ক্লিনিকের পরিবার পরিকল্পনা সহকারী লাইলী আক্তার বলেন, এ গ্রামে বাল্যবিবাহের কারণে খুব কম বয়সে মেয়েরা মা হচ্ছে। ফলে সন্তান প্রসব করার পর মা ও শিশুরা অপুষ্টিতে ভোগে। নানা রোগেও আক্রান্ত হচ্ছে।

স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লোকমান হেকিম বলেন, ‘স্বাধীনতার পর থেকেই এই গ্রামটি বাল্যবিবাহের গ্রাম নামে পরিচিত। আমরা বাধা দিলেও মেয়েদের বাবা-মায়েরা সন্তানকে অন্য জায়গায় নিয়ে বিয়ে দেন। তখন কিছু করার থাকে না।’

যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম বলেন, ‘গ্রামটি নদীবেষ্টিত চরাঞ্চল। সচেতনতার অভাবে গ্রামের বাসিন্দারা তাদের মেয়েদের বাল্যবিবাহ দেয় বলে অভিযোগ পেয়েছি। সাম্প্রতিক সময়ে আমরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে গ্রামবাসীর মধ্যে প্রচারণা চালিয়েছি।’