ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিএনপির বিবদমান দুটি পক্ষ ও যুবলীগের একটি পক্ষ একই স্থানে একই সময়ে পৃথক তিনটি সভা আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। গতকাল রোববার শেখপাড়া বাজারে ওই তিনটি সমাবেশর আহ্বান করা হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলায় বিএনপির বিবদমান পক্ষ দুটির একটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব। অপর পক্ষের নেতৃত্বে আছেন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার শহিদুল ইসলাম। তিনি ঢাকায় থাকায় স্থানীয়ভাবে শৈলকুপা পৌরসভার মেয়র খলিলুর রহমান নেতৃত্ব দিচ্ছেন। এই দুটি পক্ষই যুবদলের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে গতকাল বিকেলে শেখপাড়া বাজারে পৃথক দুটি সভা ডাকে। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগও একই স্থানে পৃথক আরেকটি সভা আহ্বান করে। এ নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন গত শনিবার সন্ধ্যায় মাইকে ১৪৪ ধারা জারির বিষয়টি জানিয়ে দেয়।শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব দাবি করেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের জন্য তাঁরা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে শেখপাড়া বাজারে সভা ডাকেন। নিরাপত্তার অভাবে তাঁরা শহরে সভা করতে পারেননি। কিন্তু সেখানে ডাকা সভা বানচাল করতে ক্ষমতাসীন দল বিএনপির একটি অংশ দিয়ে একই স্থানে একই সময়ে আরেকটি সভা ডাকার ব্যবস্থা করে। এতেও তারা ক্ষান্ত না হয়ে যুবলীগের ত্রিবেণী ইউনিয়নের পক্ষ থেকে আরেকটি সভা আহ্বান করে। এম এ ওহাব জানান, তাঁরা উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী ভাটই বাজারসংলগ্ন কুলচারা ঈদগাহ মাঠে সভা করেছেন। সেখানে হাবিবুর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।অপর পক্ষের নেতা ও পৌর মেয়র খলিলুর রহমান জানান, তাঁদের পক্ষ থেকেও যুবদলের কমিটি গঠনকল্পে শেখপাড়া বাজারে গতকাল সভা ডাকা হয়। কিন্তু ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা একটি অংশ এবং আওয়ামী লীগের অপর একটি অংশ সেখানে পৃথক দুটি সভা আহ্বান করে। তাঁদের সভা পণ্ড করার জন্য পাল্টা এই সভা ডাকা হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি জানান, ১৪৪ ধারা জারির কারণে ওই স্থানের পরিবর্তে উপজেলার গাড়াগঞ্জ বাজারে তাঁদের সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যুবদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার জানান, স্থানীয় কিছু বিষয় নিয়ে আওয়ামী লীগ শেখপাড়া বাজারে গতকাল এক সমাবেশের আহ্বান করে। কিন্তু বিএনপির পক্ষ থেকেও সেখানে পাল্টা দুটি সভা আহ্বান করা হয়, যে কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এরপর ওই স্থানে আওয়ামী লীগ আর সমাবেশ করেনি।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।