
বিমানবন্দর সড়ক থেকে বনানী ১১ নম্বর সড়কে ঢুকতেই পড়বে দুটি রেস্তোরাঁ। এক পাশেরটি বেকারি খাবারের, অন্য পাশেরটি দুগ্ধজাত খাবারের। এই সড়কে অর্ধশতাধিক ক্যাফে বা রেস্তোরাঁ আছে। প্রতিটিই খাবার ও সাজসজ্জার দিক থেকে বৈচিত্র্যপূর্ণ। দেশি-বিদেশি যত ধরনের খাবার ঢাকায় পাওয়া যায়, তার প্রায় সবই মিলবে এখানে।
বনানীর ১১ নম্বর সড়ক দিয়ে ঢুকতেই চোখে পড়ে ‘ফিয়েস্তা ওভেন ফ্রেশ ক্যাফে’। নানান পদের বেকারি ও পেস্ট্রির সম্ভার রয়েছে ফিয়েস্তায়। এ ছাড়া স্যুপ, স্যান্ডউইচের মতো হালকা খাবার রয়েছে এখানে। ক্যাফের ফ্লোর ইনচার্জ রকিবুল হাসান বলেন, শুধুই কুকিজ ও বেকারি খাবারের ক্যাফের সংখ্যা ঢাকায় খুব কম। শিক্ষার্থীদের জন্য সব খাবারের ১৫ শতাংশ ছাড়ের এবং স্কুলের শিক্ষার্থীদের জন্য বিশেষ টিফিনের ব্যবস্থা আছে। প্রতিটি পেস্ট্রির দাম ১৭৫ টাকা।
‘ইয়ো বেরিজ’-এ পাওয়া যায় ‘ফ্রোজেন ইয়োগার্ট। এটি হচ্ছে অনেকটা দইয়ের স্বাদের আইসক্রিমের মতো। এতে দুধ ব্যবহার করা হয় বিশেষ প্রক্রিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক এই ফ্র্যাঞ্চাইজিতে ১২টি ভিন্ন স্বাদের ফ্রোজেন ইয়োগার্ট আছে। প্রতি সপ্তাহে স্বাদ বদলানো হয়। ভ্যাট ছাড়া প্রতি আউন্সের দাম ৬০ টাকা। ইয়ো বেরিজের ভেতরেই আছে থাইল্যান্ডভিত্তিক ‘বোন ক্যাফে’। এখানে রয়েছে সুস্বাদু থাই খাবারের সম্ভার।
প্লাটিনাম সুইট আবাসিক হোটেলে রয়েছে তিনটি ভিন্ন রেস্তোরাঁ। এর মধ্যে ‘প্লাটিনাম টেরেস’-এ আছে খোলা ছাদে খাবারের ব্যবস্থা। এটি সন্ধ্যাকালীন রেস্তোরাঁ। শুক্র ও মঙ্গলবার গান শোনার সঙ্গে ব্যুফে খাবারের ব্যবস্থা আছে। জনপ্রতি খরচ ২০০০ টাকা। এর নিচতলার ‘টেরা বিস্ট্রো ক্যাফে’টি মূলত শিক্ষার্থীদের উপযোগী। হোটেলের সহকারী ব্যবস্থাপক নুসরাত জাহান বলেন, টেরা বিস্ট্রো ক্যাফে ২৪ ঘণ্টা খোলা থাকে।
বনানীর এই সড়কে মাছ-ভাত, ভর্তা দিয়েও উদরপূর্তির সুযোগ আছে। এ জন্য যেতে হবে রসনাবিলাসে। মাছ-ভাতের সঙ্গে দক্ষিণ ভারতীয় স্বাদের খাবার পাওয়া যায়। এ ছাড়া সকালের নাশতায় পরোটা-ভাজি এবং খিচুড়ি পাওয়া যায়। আরও রয়েছে চটপটি ও পান। জনপ্রতি খরচ পড়বে ৩০০-৩৫০ টাকা।
বাইরে থেকে দেখতে অনেকটা মোগল আমলের প্রাসাদের মতো ‘সাজনা’ রেস্তোরাঁটি ভারতীয় খাবারের জন্য বিখ্যাত। বনানী এলাকার প্রথম দিককার ভারতীয় রেস্তোরাঁ হিসেবে পরিচিত সাজনার সাজসজ্জা ও পরিবেশনায় ভারতীয় ঘরানার উপস্থিতি চোখে পড়ে। ভারতীয় খাবারের মধ্যে দোসা, ডালমাখানি, সাজনা স্পেশাল রেসিপির (ভেজ, নন-ভেজ) পদগুলো বেশ জনপ্রিয়। রয়েছে ৩২ পদ নিয়ে বুফে লাঞ্চ। খরচ জনপ্রতি ৬৫০ টাকা।
থাইল্যান্ডভিত্তিক চেইন আইসক্রিম পারলার ‘ক্রিম অ্যান্ড ফাজ’। ২০১১ সালের মার্চে বনানীতে শুরু। এখন রাজধানীর বেশ কয়েক জায়গায় এর শাখা আছে। আইসক্রিমের পাশাপাশি এখানে স্যান্ডউইচ, কফি, আইসক্রিম ফ্লেভার শেক ও বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় পাওয়া যায়। ভ্যাট ছাড়া প্রতি স্কুপের জন্য গুনতে হবে ১৫০ টাকা।
দেখতে রাজধানীর প্রচলিত চায়নিজ রেস্তোরাঁগুলোর মতো হলেও ‘শিং হিয়ং’ বনানী এলাকায় চীনা ক্যান্টনিজ খাবারের দোকান। সাজসজ্জায় লাল রঙের ব্যাপক বাহার। বেশ একটা নিঝুম পরিবেশ। এখানে ফ্রাইড রাইস, সিজলিং ও পেপারব্যাগ চিকেন বেশ জনপ্রিয়। ভেতরটা বেশ সুপরিসর। একসঙ্গে ১০০ জনের আসনের ব্যবস্থা। জনপ্রতি খরচ পড়বে ৩০০ থেকে ৭০০ টাকার মধ্যে।
খোলা ছাদে বসে খাবারের স্বাদ নিতে পারেন ‘স্মোক মিউজিক ক্যাফে’তে। আসনব্যবস্থা ৬০ জনের। ইতালিয়ান, মেক্সিকান, লাতিন ঘরানার নানা পদের খাবার পাওয়া যায়। স্মোক বার্গার, সিজলিং ব্রাউনি, নাচোস এখানকার খাবার হিসেবে বেশ জনপ্রিয়। প্রতিটি ১৩০ থেকে ৮৯৫ টাকা পর্যন্ত দামের খাবার আছে এই ক্যাফেতে।
‘ন্যাচারাল’ বিশ্বের অন্যতম আইসক্রিম ব্র্যান্ড নিউজিল্যান্ড। এখানে নানান স্বাদের আইসক্রিমের পছন্দ করে অর্ডার দেওয়ার জন্য রয়েছে ছবিযুক্ত মেন্যুর বই। এক স্কুপ ২০০ টাকা। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের মিল্কশেক।
পৃথিবীর অন্যতম বড় চেইন রেস্তোরাঁ ‘পিৎজা হাট ডেলিভারি’তে বসে খাবার ব্যবস্থা নেই। কারণ, এই বিক্রয়কেন্দ্রে শুধু ‘হোম ডেলিভারি’র ব্যবস্থা রয়েছে। পিৎজা হাট বছরজুড়ে ভালো মানের সুস্বাদু পিৎজা বানিয়ে থাকে। ফোনে অর্ডার দিলে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে মোটরবাইকে করে ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে সরবরাহ করা হয়।
‘মোকা বিস্ট্রো’ মূলত স্টেকের জন্য বিখ্যাত। এখানে নানান পদের বিফ, চিকেন ও ফিশ স্টেক পাওয়া যায়। বেতের চেয়ারে বসে চারপাশে তাকালে বেশ প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। ক্যাফের ব্যবস্থাপক জামান কাওসার বলেন, ‘জাম্বো প্রন স্টেক’ ও ‘মিক্সড সিফুড মোকস সার্ফ অ্যান্ড টার্ফ’ বেশি বিখ্যাত। খাবারের দাম ১৯৯ থেকে ১২৪৯ টাকার মধ্যে।
‘ক্যাফে হলিউডে’তে ১৭০ টাকায় সেট মেনু, ‘মিউজিক কুজিন’-এ ১৭০ থেকে ৩৫০ টাকায় ও ‘স্ট্রিট ১১’-এ ১৭৫ টাকায় সেট মেনু পাওয়া যায়। এ ছাড়া বনানী ১১ নম্বর সড়কে ‘ক্যাফে এন্ট্রো’, ‘এশিয়ান বিস্ট্রো’, ‘ফুড ওয়ার্ল্ড’, ‘দ্য ডাইনিং রুম অ্যাট ক্যালকাটা ক্লাব’, ‘নান্দুস’, ‘দ্রুম’, ‘ক্যাসেডেলা’, ‘কোরিয়ান খাবারের ‘দো মি ওক’-এর মতো নানান স্বাদের খাবারের রেস্তোরাঁ রয়েছে।