এক সড়কেই বছরে ৫০ ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে একের পর এক ডাকাতির ঘটনায় সদর উপজেলার ঈদগাঁও, রামু উপজেলার ঈদগড় ও বান্দরবানের বাইশারী এলাকার প্রায় ৫০ হাজার মানুষ ডাকাত-আতঙ্কে আছে। গত এক বছরে ওই সড়কে অন্তত ৫০টি ডাকাতি হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই সড়কের পানের ছড়া ঢালা (প্রায় আধা কিলোমিটার) এলাকায় গত শনিবার দুটি ডাকাতির ঘটনা ঘটে। সকাল সাড়ে আটটার দিকে ডাকাতের গুলিতে এক অটোরিকশাচালক আহত হন। একই সময়ে একটি ডাকাত দল ঈদগড়মুখী একটি বাস থামিয়ে (কক্সবাজার জ-১১০০৫৪) প্রায় ৩০ জন যাত্রীর মালামাল লুট করে। রাত আটটার দিকে দুটি মোটরসাইকেলের চারজন আরোহীকে মারধর করে জিনিসপত্র লুটে নেয় ডাকাতেরা। ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন শাহ জানান, এই সড়কে গত এক বছরে অন্তত ৫০টি ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকাসহ অন্তত কোটি টাকার মালামাল লুট করেছে। তাদের হামলায় আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ২০০৭ সালে এই সড়কে ডাকাতের গুলিতে নিহত হন ধুমছাকাটা গ্রামের জাকের হোসেন ও সোলাইমান সিকদার। ২০০৯ সালের ৯ নভেম্বর একই সড়কে ডাকাতের গুলিতে পুলিশের সুবেদার সুষময় চাকমা নিহত হন। বিভিন্ন সময়ে ডাকাতের হাতে গুলিবিদ্ধ টুটার বিলের আবুল কাশেম, রেনুরকুলের নুরুল হুদাসহ অন্তত ১০ জন এখনো মানবেতর জীবনযাপন করছেন। সম্প্রতি এই সড়কে ডাকাতের তৎপরতা বেড়ে যাওয়ায় ঈদগাঁও, ঈদগড় ও বাইশারী এলাকার অন্তত ৫০ হাজার মানুষ আতঙ্কে আছে।ঈদগড়ের বাসিন্দা আবদুল হামিদ জানান, রামু ও কক্সবাজার সদরের ওপর দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার। মূলত সড়কের করলিয়ামুরা, বেংডেপা, ধুমছাকাটা, হাসনাকাটা, অর্জুনবাগান, পানের ছড়া, ছনখোলা, গজালিয়া, হিমছড়ি ও ভোমরিয়া ঘোনা ঢালায় ডাকাতি হয়। সপ্তাহের রবি ও বুধবার বাইশারীতে, সোম ও শুক্রবার ঈদগড়ে এবং শনি ও মঙ্গলবার ঈদগাঁও বাজারে হাট বসে। হাটের দিন অন্তত ২৫-৩০ হাজার লোক এই সড়কে চলাচল করে। তাই হাটের দিন ডাকাতি বেশি হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন জনপ্রতিনিধি জানান, ঈদগড়ের পাঁচ-সাতজন চিহ্নিত ডাকাতসহ ঈদগাঁওয়ের কালিরছড়া, খুটাখালী, মেদাকচ্ছপিয়া এলাকার ৩০-৪০ জনের একটি দল এসব ডাকাতির ঘটনায় জড়িত। এলাকার মানুষ তাদের চিনলেও ভয়ে কেউ প্রতিবাদ করে না। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন মিয়া বলেন, যেসব এলাকায় ডাকাতি হচ্ছে তা রামুর বাইরে। অধিকাংশ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করেন না। রামু, উখিয়া ও সদরের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা জানান, সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এই সড়কে যানবাহন চলাচলের কথা থাকলেও চালকেরা তা মানছেন না। ফলে যানবাহন ডাকাতের কবলে পড়ছে। তিনি জানান, গহিন পাহাড়ের মধ্য দিয়ে হওয়ায় সড়কটি এমনিতেই ঝুঁকিপূর্ণ। যানবাহনসংকটের কারণে প্রতিদিন ভাড়াগাড়িতে পুলিশকে টহল দিতে হয়। অনেক সময় যানবাহনের অভাবে ডাকাতির খবর পেয়েও যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছানো যায় না।