এক সড়কের কাজে দুবার টাকা উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কবাখালী ইউনিয়নে এ অনিয়মের ঘটনা ঘটেছে। এখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (এডিপি) শেষ করা একটি সড়কের কাজ দেখিয়ে এলজিএসপি প্রকল্পে বরাদ্দ দেওয়া অর্থ নেওয়া হয়েছে।তথ্যানুসন্ধানে জানা গেছে, কবাখালী ইউনিয়ন পরিষদ এলজিএসপির আওতায় চলতি অর্থবছরের জুন মাসে ৪ লাখ টাকা বরাদ্দ পায়। এলজিএসপি নীতিমালা অনুযায়ী, বরাদ্দপ্রাপ্তির পর জন-অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প গ্রহণ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমোদন নেওয়ার বিধান আছে। কিন্তু কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তা করেননি। জনগণ দূরে থাক, সদস্যরাও (ইউপি) জানেন না, কী প্রকল্প গ্রহণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরে এডিপির আওতায় ৭৫ হাজার টাকা ব্যয়ে ১ নম্বর কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় ইট বিছানোর কাজের একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রকল্পের চেয়ারম্যান কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা। একই অর্থবছরে, একই নামে এলজিএসপি থেকে ওই রাস্তা দেখিয়ে এক লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন দেখানো হয়। ওই প্রকল্পের চেয়ারম্যান ২ নম্বর ওয়ার্ডের সদস্য শান্তি রঞ্জন চাকমা। তিনি বলেন, ‘আমাকে যে প্রকল্পের চেয়ারম্যান করা হয়েছে, তাও আমি জানি না। আমাকে শুধু চেয়ারম্যান নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন, সেটা কিসের টাকা জানি না।’এলজিএসপির ৬৫ হাজার টাকা ব্যয়ে বাঘাইহাটমুখ পাকা রাস্তা থেকে নতুন পাড়ার ভেতর দিয়ে বাবুছড়ামুখ পর্যন্ত রাস্তা নির্মাণের নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়। ইউপি সদস্য হাতেম আলীকে ওই প্রকল্পের চেয়ারম্যান করে দেওয়া হলেও তিনি তা জানেন না। হাতেম আলী বলেন, ‘শুনেছি, রাস্তার জন্য নাকি কোনো এক মাস্টারকে চেয়ারম্যান ২৫ হাজার টাকা দিয়েছেন।’ এলজিএসপি থেকে কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপনের নামে এক লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের চেয়ারম্যান করা হয় সংরক্ষিত ওয়ার্ড সদস্য বিপরিতা চাকমাকে। বিপরিতা চাকমা বলেন, ‘আমি কোনো প্রকল্প পাইনি, প্রকল্প সম্পর্কে জানিও না। তবে পাঁচ হাজার টাকা চেয়ারম্যানের কাছ থেকে পেয়েছি।’ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্ব কল্যাণ বলেন, ‘সরকার যে বরাদ্দ দেয়, তা দিয়ে পোষায় না। আরও আমার নিজের পকেট থেকে খরচ হয়। ইউপি সদস্যদের নামে প্রকল্প গ্রহণ করা হলেও আমি তাঁদের জানাইনি। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার কাজে আমার লোকসান হয়েছিল, তাই এবার এলজিএসপি থেকে সমন্বয় করেছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান মিঞা বলেন, ‘কবাখালী ইউনিয়ন পরিষদ এলজিএসপির নীতিমালা লঙ্ঘন করে প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্প গ্রহণের আগে জনগণের পরামর্শ ও আমার অনুমোদন অবশ্যই নিতে হবে। কিন্তু তিনি তা করেননি। কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা এডিপিতে বরাদ্দ দেওয়া টাকা দিয়ে বাস্তবায়ন করা হয়েছে। এই প্রকল্প দেখিয়ে আবার কোনো উন্নয়ন বরাদ্দ থেকে যদি টাকা উত্তোলন করা হয়, তাহলে অবশ্যই কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।