এক সড়কের দুঃখ চার বেইলি সেতু
ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের ৫৬ কিলোমিটারের মধ্যে চারটি বেইলি সেতু আছে। দুই বছরের মধ্যে সেতুগুলোয় ১৯ বার সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে চারবার যানসহ ভেঙে পড়ে তিনটি সেতু।সর্বশেষ ১ মে ভৈরবের মিরারচরের বেইলি সেতুটি কাঠবাহী ট্রাক নিয়ে ধসে পড়ে। এতে এক দিন যান চলাচল বন্ধ থাকে। পরের দিন থেকে ভাঙা সেতুর পাশে বিকল্প মাটির সড়ক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়। মূল সড়ক থেকে বিকল্প সড়কটি ১০ ফুট নিচু।ভৈরব সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী অহিদুজ্জামান বলেন, ‘মাটি ফেলে কোনো রকম সড়ক তো চালু করলাম; বৃষ্টি এলে সর্বনাশ! পানি জমে গেলে মহাসড়ক অচল হয়ে পড়বে।’অবস্থা এখন এতই সঙ্গিন হয়েছে যে সেতুগুলোর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচলের সময় যাত্রীদের শরীর ও মাটি কেঁপে ওঠে। সড়ক উপবিভাগ সূত্রে জানা গেছে, ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের দূরত্ব ১১৬ কিলোমিটার। দুই যুগ আগে মহাসড়কটি চালু হয়। সড়কের চারটি বেইলি সেতুর মধ্যে তিনটি আবার ১০ কিলোমিটারের মধ্যে পড়েছে। এর মধ্যে দুটি ভৈরবে এবং একটি কুলিয়ারচরে। অপর সেতুটি কিশোরগঞ্জের প্রবেশপথে আছে। এই সেতু পুরো এক বছর অকেজো পড়েছিল। তখন কিশোরগঞ্জ শহর ঘুরে যানবাহনগুলোকে ময়মনসিংহ অভিমুখে যেতে হতো। মাস ছয়েক আগে সেতুটি মেরামত করে চালু করা হয়। এদিকে এক যুগ আগে সবকটি সেতুকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সেতুর দুই পাশে ‘পাঁচ টনের অধিক ওজনের যান চলাচল নিষিদ্ধ’ সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে রাখে কর্তৃপক্ষ। পাকাকরণের জন্য এ সময়ের মধ্যে অসংখ্যবার চিঠি দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। অগ্রগতি বলতে স্থায়ী সেতু নির্মাণের বিষয় আলোচনার পর্যায়ে রয়েছে।১৩ মে সকালে সরেজমিনে দেখা গেছে, ভেঙে যাওয়া সেতুটি আগের অবস্থায়ই আছে। ধীরগতিতে একপাশ হয়ে ছোট যান পার হচ্ছে। সাম্প্রতিক দুর্ঘটনার পর থেকে এ সড়কে ভারী যান চলাচল বন্ধ আছে। দুই পাশে পুলিশ সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। দুর্ঘটনার পর থেকে গত রোববার পর্যন্ত বৃষ্টি হয়নি। স্থানীয় লোকজন ও সওজ কর্মকর্তাদের আশঙ্কা, বৃষ্টি হলে মিরারচরের বিকল্প সড়কটি ডুবে যাবে। তখন এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে।অচল সেতু সচল হবে কবে, জানতে চাইলে ভৈরব সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী বলেন, সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ১৫ দিনের আগে আশা করা যায় না।