এক হতে পারেনি সংসদীয় কমিটি ও জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্রবিষয়ক আলোচনায় সংসদীয় কমিটির সঙ্গে একমত হতে পারেনি তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। জাতীয় কমিটি রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করার দাবি জানিয়েছে। অন্যদিকে সংসদীয় কমিটি বলেছে, সুন্দরবনের ক্ষতি না করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদীয় কমিটির আমন্ত্রণে জাতীয় কমিটির শীর্ষ নেতারা বৈঠকে অংশ নেন। এতে ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ: অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব’ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রথমে রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করে তারপর সুন্দরবন নীতিমালা তৈরির দাবি করা হয়েছে। অতীতে নানাভাবে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রামপাল প্রকল্প হাতে নেওয়ার পর থেকে এখানে ভূমিদস্যু এবং শিল্পকারখানা তৈরির তৎপরতা শুরু হয়েছে। এসব তৎপরতা সার্বিকভাবে সুন্দরবনের ক্ষতি করবে। সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশে যে সেবা দেয়, সেটাকে সুদৃঢ় করতে হলে একটা সমন্বিত নীতিমালা করা দরকার।’
আনু মুহাম্মদ আরও বলেন, ‘সংসদীয় কমিটির মতের সঙ্গে জাতীয় কমিটি একমত পোষণ করতে পারেনি। তারা সরকারি সুরে কথা বলেছে। কমিটি যেসব প্রযুক্তির কথা বলেছে, বাস্তবে সেগুলো ব্যবহার করা হবে না। কারণ, ওই সব প্রযুক্তি ব্যবহার করা হলে প্রকল্পটি লাভজনক হবে না। এ ছাড়া প্রধানমন্ত্রী প্রকল্পের পক্ষে যেসব যুক্তি দিয়েছেন, সেগুলোও গ্রহণযোগ্য নয়।’
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে সুন্দরবনের অদূরে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এতে সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা রয়েছে। তবে গতকাল বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সুন্দরবনের কোনো ক্ষতি না করে সতর্কতা অবলম্বনপূর্বক রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের সুপারিশ করা হয়।
সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে যাঁরা মতামত দিচ্ছেন, তাঁদের কথা কমিটি শুনেছে। কমিটির কাছে মনে হয়েছে, যেসব সতর্কতামূলক ব্যবস্থা ও প্রযুক্তি ব্যবহার করে রামপাল বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তাতে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ আতিউর রহমান আতিক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নাসিমা ফেরদৌসী। বিশেষ আমন্ত্রণে আরও উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম, অধ্যাপক এম নেয়ামুল নাসের, কাজী বায়েজিদ কবির এবং পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।