এক হত্যা মামলা তিনবার প্রত্যাহার!
সাত বছর আগে খুন হয়েছিলেন পুলিশ টেলিকমের সহকারী হিসাবরক্ষক গোলাম শামসুল হায়দার। তাঁকে হত্যার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি ছিলেন একই সংস্থার হিসাবরক্ষক আবদুল লতিফ। ওই হত্যা মামলাটি তৃতীয়বারের মতো রাজনৈতিক বিবেচনায় আবদুল লতিফকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে সরকার।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ২০১০ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির ১১তম সভায় প্রথমবার এবং ২০১০ সালের ১৮ অক্টোবর ২১তম সভায় শামসুল হায়দার হত্যা মামলায় ১ নম্বর আসামি আবদুল লতিফকে বিচারকার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিবারই প্রতিবাদের মুখে অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। আর সিদ্ধান্ত আইন প্রতিমন্ত্রী আগের দুইবারই বলেছিলেন, ভুল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এবারও যোগাযোগ করা হলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম একই কথা বলেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘ভুল করে আবদুল লতিফকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত বাতিল করা হবে।’ তবে কবে বাতিল করা হবে, এ ব্যাপারে আইন প্রতিমন্ত্রী কিছু জানাননি।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটি শামসুল আলম হত্যা মামলা থেকে এমন সময় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল, যখন এ মামলায় আদালতে ৪৬ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আর শামসুল আলমের পরিবার এখন আর তিনজনের সাক্ষ্য শেষে রায়ের জন্য অপেক্ষা করছেন।
শামসুল হায়দারের স্ত্রী লায়লা নূর আরজুমান বানু প্রথম আলো ডটকমকে বলেন, ‘মামলার প্রয়োজনীয় কাগজপত্র আইন প্রতিমন্ত্রীর কাছে জমা দিয়েছিলাম। এর পর আবদুল লতিফকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। এবার লতিফ অব্যাহতি পেলে হয়তো রাস্তায় আমার লাশ পড়ে থাকবে।’
নাম প্রকাশ না করার শর্তে এ মামলার এক তদন্ত কর্মকর্তা বলেন, ‘আবদুল লতিফ একবার নয়, বেশ কয়েকবার ভুয়া বিল তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাত্ করেছেন। দুদকেও লতিফের দুর্নীতির জন্য মামলা হয়েছিল। শত ভাগ প্রমাণ করার পরও এভাবে তাঁকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত দুঃখজনক।’
ওই তদন্ত কর্মকর্তা আরও বলেন, তদন্ত করতে গিয়ে তিনি জানতে পারেন, আবদুল লতিফের ঢাকায় বেশ কয়েকটি বাড়ি ও ফ্ল্যাট আছে। তাঁর গাড়িও আছে।
লায়লা নূর আরজুমান বানু জানান, লতিফের বেতন সে সময় সর্বসাকল্যে আট থেকে ১০ হাজার টাকার বেশি ছিল না। কিন্তু তিনি নিজের দামি গাড়িতে চড়ে বেড়াতেন। এখনো আদালতের শুনানির সময় দামি গাড়িতে করেই আসেন।
তবে আবদুল লতিফকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবী বোরহান উদ্দিন। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এত আর্থিক দুর্নীতি করা একজনের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া লতিফের বিরুদ্ধে তাঁর কর্মস্থলের কেউ সাক্ষ্য দেননি।’
বোরহান উদ্দিন আরও জানান, শামসুল হায়দার হত্যার সঙ্গেও জড়িত নন লতিফ। দীর্ঘ এক মাসেরও বেশি সময় লতিফকে রিমান্ডে নিয়ে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল এলাকায় এজিবি কলোনির সামনে সকাল সাড়ে আটটার দিকে নৃশংসভাবে খুন হন শামসুল হায়দার। এ ঘটনায় তাঁর বড় ভাই আবুল কালাম আজাদ মতিঝিল থানায় আবদুল লতিফসহ সাতজনকে আসামি করে একটি মামলা করেন।
এ ঘটনার এক বছর পর ২০০৭ সালের ২০ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবদুল লতিফ। জবাববন্দিতে তিনি স্বীকার করেন, হাফিজুল হোসেনের জায়গায় স্টেশন শাখা থেকে বদলি হয়ে ২০০৫ সালের শেষের দিকে বিল শাখায় যোগ দেন গোলাম শামসুল হায়দার। এতে ক্ষিপ্ত ছিলেন হাফিজুল হোসেন। পরে হাফিজুলকে দিয়ে মেসার্স হারুন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে এক কোটি ৪৫ হাজার টাকার ভুয়া বিল তৈরি করেন তিনি। বিলটি পাস করানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপারেনটেনডেন্ট আনোয়ার হোসেনকে ৩০ লাখ টাকার বিনিময়ে রাজি করান তিনি। আনোয়ার হোসেন ৪ শতাংশ হারে আয়কর বাদ দিয়ে লতিফকে ৯৬ লাখ ৪৩ হাজার ২০০ টাকার চেক দেন। হারুন এন্টারপ্রাইজের মাধ্যমে উত্তরা ব্যাংকের রাজমণি শাখা থেকে এই টাকা তোলা হয়। এর মধ্যে ৩৯ লাখ টাকা লতিফ নিজের কাছে রাখেন। বাকি ২০ লাখ হাফিজুল হোসেনকে এবং প্রায় আট লাখ টাকা হারুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন-অর-রশিদকে দেন তিনি।
এসব তথ্য জানতে পারায় লতিফের সঙ্গে শামসুল হায়দারের বাগবিতণ্ডা হয়। শামসুল হায়দারকে হত্যার জন্য হাফিজুল হোসেন ও আবদুল লতিফ পরামর্শ করে বাবুল ওরফে তপন চক্রবর্তী নামের এক ব্যক্তির সঙ্গে দুই লাখ টাকার চুক্তি করেন। বাবুল পেশাদার চার খুনি ওয়াসিম, রানা মিয়া, সামছুল আলম ও রাজনকে দিয়ে শামসুল হায়দারকে হত্যা করান। শামসুলের জানাজায় অংশ নেওয়ার পর চুক্তি অনুয়ায়ী দুই লাখ টাকা বাবুলকে দেন আবদুল লতিফ। এই একমাত্র ওয়াসিম ছাড়া বাকি সব আসামি জামিনে রয়েছেন। তবে এখনো বাবুল ও রাজনকে গ্রেপ্তার করা যায়নি।
এ ছাড়া ভুয়া বিল করে পুলিশ টেলিকমের আট কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে লতিফসহ নয়জনকে আসামি করে পল্টন থানায় ২০০৭ সালের ২৩ মার্চ তারিখে একটি (মামলা নম্বর ৪৮) এবং ২০১০ সালের ১২ ডিসেম্বর সাতটি (মামলা নম্বর ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ ও ৩৮) মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।