এক হল থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে ককটেল তৈরির সরঞ্জামসহ দুই শতাধিক জিহাদি ও ইসলামি বই, বিপুলসংখ্যক রড, লাঠিসোঁটা ও পাথর উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই হলে ইসলামী ছাত্রশিবির-নিয়ন্ত্রিত সাতটি কক্ষ থেকে এসব উদ্ধার করে মতিহার থানার পুলিশ। পরে ওই সাতটি কক্ষ সিলগালা করে দেয় হল প্রশাসন।এর আগে বুধবার পুলিশ বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ১৪টি কক্ষ থেকে ককটেলসহ বিপুলসংখ্যক জিহাদি ও ইসলামি বই, রড, মুঠোফোন, লাঠিসোঁটাসহ ওই হলে অবস্থানরত ছাত্রলীগের ১৫ কর্মীর নামের তালিকা উদ্ধার করে।সোহরাওয়ার্দী হল, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় পুলিশ গতকাল সকাল ১০টা থেকে সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবির-নিয়ন্ত্রিত ১১৪, ২৬১, ২৬৬, ২৬৭, ২৬৮ ও ২৭৪ নম্বর কক্ষে তল্লাশি চালায়। দুপুর একটা পর্যন্ত চলা অভিযানে ককটেল তৈরির সরঞ্জাম, দুই শতাধিক জিহাদি ও ইসলামি বই, বিপুলসংখ্যক লোহার রড, লাঠিসোঁটা ও পাথর উদ্ধার করা হয়। ৩৭৪ নম্বর কক্ষ থেকে পাওয়া যায় ওই হলে অবস্থান করা ছাত্রলীগের ১৩ কর্মীর নামের তালিকা। তল্লাশির সময় ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মী কক্ষে ছিলেন না।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসসহ আবাসিক হলগুলোতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বুধবার মাদার বখ্শ হল থেকে ককটেল, জিহাদি বই ও লাঠিসোঁটা উদ্ধারের ঘটনায় ওই হলের তত্ত্বাবধায়ক শরিফুল ইসলাম থানায় মামলা করেছেন। তবে সোহরাওয়ার্দী হল থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।