৪ জানুয়ারির ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবিরুনী হলের সম্প্রসারিত ভবনের দেয়ালে বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয়েছে। এতে ওই হলে বসবাসকারী প্রায় ২০০ আবাসিক শিক্ষার্থী ঝুঁকির মধ্যে রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই হলে ইটের দেয়াল ও টিনের ছাউনির আটটি ঘর রয়েছে। এতে মোট ৪২টি কক্ষে প্রায় ২০০ ছাত্র থাকেন। ওই দিন (৪ জানুয়ারি) ভোরে ভূমিকম্পে হলটির বিভিন্ন দেয়ালে ছোট-বড় ফাটলের সৃষ্টি হয়। তবে হলের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্লকের উত্তর দিকের দেয়ালের সবচেয়ে বড় ফাটল সৃষ্টি হয়েছে। দেয়ালের বিভিন্ন অংশের পলেস্তারাও খসে পড়েছে। এ ছাড়া হলের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি মিলনায়তনের পূর্ব-পশ্চিম ও দক্ষিণ পাশের দেয়ালেও ফাটলের সৃষ্টি হয়েছে।
প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বলেন, হলগুলো রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ নেই। ফলে এগুলোর প্রয়োজনীয় মেরামত করা সম্ভব হয় না।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আবুল খায়ের বলেন, প্রকৌশলীদের এ বিষয়ে খোঁজ নিয়ে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।