এক হাজার একর জমি খাস দখলে নিতে জেলা প্রশাসকের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে দখল করা ঢাকার মুহাম্মদিয়া জামিয়া শরিফের প্রায় এক হাজার একর জমি সরকারি খাস দখলে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশ দিয়েছেন। তবে এ-সংক্রান্ত সরকারি নির্দেশের কাগজপত্র গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাননি বলে জানিয়েছেন জামিয়া শরিফের সংশ্লিষ্ট ব্যক্তিরা। পার্বত্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে লাদেন বাহিনী নামে পরিচিত মুহামঞ্চদিয়া জামিয়া শরিফের বিরুদ্ধে জায়গা-জমি দখল, প্রাকৃতিক বনাঞ্চল কেটে বাণিজ্যিক বাগান করা এবং পাহাড়ি অঞ্চলে রহস্যজনক তৎপরতা চালানোর অভিযোগ ছিল। স্থানীয় লোকজনের এ অভিযোগের ভিত্তিতে পার্বত্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়া হয়। রাজধানীর রাজারবাগ (৫ নম্বর আউটার সার্কুলার রোড) পুলিশ লাইনের বিপরীতে অবস্থিত মুহামঞ্চদিয়া জামিয়া শরিফ একটি আবাসিক মাদ্রাসা এবং এটি পরিচালনা করছে আনজুমানে আল বাইয়্যিনাত নামের একটি সংস্থা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, লামার ইউএনও সাইফুল ইসলাম ও নাইক্ষ্যংছড়ির ইউএনও শামীম সোহেল জামিয়া শরিফের জমি দখলের অভিযোগ সরেজমিনে তদন্ত করেছেন। তাঁদের তদন্তের ভিত্তিতে জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বিস্তারিত প্রতিবেদন দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জামিয়া শরিফ লামা উপজেলার ফাসিয়াখালী, ইয়াংসা ও সাঙ্গু এবং নাইক্ষ্যংছড়ির ঈদগড়ে সরকারের অনুমতি না নিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বায়নানামা (ক্রয় দলিল) করে অবৈধভাবে কিনে জমি দখল করেছে। এর মধ্যে রাবার ও হর্টিকালচার বাগানের জন্য বিভিন্নজনের নামে ইজারা দেওয়া ৪২৫ একর, আশির দশকে সমতল এলাকা থেকে বান্দরবানে পুনর্বাসিতদের জমি (স্থানীয়ভাবে আর হোল্ডিং নামে পরিচিতি) এবং স্থানীয় আদিবাসী ও বাঙালিদের বন্দোবস্ত মালিকানার ১৮৬ একর জমি তারা অবৈধভাবে দখল করেছে। এ ছাড়া ইয়াংসা ও সাঙ্গু মৌজায় আরও ৩০০ একর খাসজমি বেআইনিভাবে দখল করে প্রাকৃতিক বনাঞ্চল কেটে ফেলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, জামিয়া শরিফের লোকজন পাহাড়ি এলাকায় লম্বা দাড়ি ও জোব্বা পরে ঘুরে বেড়ায় ও দুর্গম এলাকায় অবস্থান করে। কিন্তু তাঁদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালানোর কোনো সত্যতা পাওয়া যায়নি। সূত্র জানায়, জমিগুলো খাস দখলে নেওয়ার জন্য লামা ও নাইক্ষ্যংছড়ির ইউএনওকে বলা হয়েছে। ইজারাদারদের সঙ্গে সরকারের চুক্তি ভঙ্গ হওয়ায় ইজারা বাতিলের জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সালাহ উদ্দিন খাস দখলে নেওয়ার নির্দেশের সত্যতা নিশ্চিত করে বলেন, দখলে নেওয়ার পর ইজারা দেওয়া প্লটগুলোর বরাদ্দ বাতিলের বিষয়টি আরও তদন্ত করে বিবেচনা করা হতে পারে। লামার ফাসিয়াখালী মৌজার হেডম্যান মংথুইপ্রু মারমা বলেন, ইউএনওদের প্রতিবেদনে উল্লিখিত জমির চেয়ে বেশি জমি জামিয়া শরিফ দখল করেছে। তাঁর নিজের ২৫ একরসহ ফাসিয়াখালী ও সাঙ্গু মৌজার ম্রো, ত্রিপুরা ও মারমা আদিবাসীদের শত শত একর জমি অবাধে দখল করা হয়েছে। মুহামঞ্চদিয়া জামিয়া শরিফের বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের প্রধান মুহামঞ্চদ আনিসুর রহমান ইউএনওদের দেওয়া প্রতিবেদনের চেয়ে বেশি জমি থাকার কথা স্বীকার করে বলেন, প্রশাসন থেকে শুধু জামিয়া শরিফের নামে নেওয়া জমির দলিলপত্র চাওয়া হয়েছিল। ব্যক্তি নামে নেওয়া জমিও রয়েছে। কিন্তু সেগুলোর দলিলপত্র চাওয়া হয়নি বলে দেওয়াও হয়নি। তিনি বলেন, তাঁর নিজের নামেও ঘুনধুম ও বাইশারীতে আটটি রাবার প্লটের ২০০ একর জমি রয়েছে। আনিসুর রহমান অবৈধভাবে জমি নেওয়ার কথা অস্বীকার করে বলেন, বান্দরবানে আরও অনেক কোম্পানি যেভাবে জমি কিনেছে তাঁরাও সেই প্রক্রিয়ায় কিনেছেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম পার্বত্য মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়া ও জামিয়া শরিফের জমি খাস দখলে নেওয়ার ইউএনওদের নির্দেশ দেওয়ার কথা নিশ্চিত করে বলেন, জামিয়া শরিফ সম্পূর্ণ অবৈধ উপায়ে জমি কিনে দখল করেছে। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি ছাড়া আরও অনেক কোম্পানি বেআইনিভাবে জমি দখল করেছে। সেই জমিগুলোও খাস দখলে নেওয়া হতে পারে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।