এক হাজার একর বোরো জমির চাষাবাদ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানে আন্ধিছড়ায় (খাল) পাকা দেয়াল তৈরি করে খালের সব পানি আটকে দেওয়ায় উপজেলার ভূনবীর ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দাদের এক হাজার একরের বেশি বোরো জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।সরেজমিনে দেখা গেছে, সাতগাঁও চা-বাগানের ভেতরে আন্ধিছড়ায় প্রায় ১০০ হাতের ব্যবধানে একটি পাকা এবং একটি মাটির বাঁধ দিয়ে দুটি সেচযন্ত্র লাগিয়ে চা-গাছে সেচ দেওয়া হচ্ছে।সেচযন্ত্রের চালক হরিলাল কুর্মি ও নরেশ কুর্মি জানান, গত সেপ্টেম্বরে বাগানের ১ নম্বর সেকশনের অনাবাদি কয়েকটি টিলা চাষের আওতায় এনে নতুন চা-গাছ রোপণ করা হয়েছে। তাই ছড়া থেকে দুই মাস ধরে একনাগাড়ে সেচ দেওয়া হচ্ছে।ভূনবীর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুল ওয়াহিদ বলেন, ইউনিয়নের ভূনবীর, ইসলামপাড়া, দ্বিঘর, কুণ্ডরপাড়া, দেবপাড়া ও পালপাড়া গ্রামবাসী এক হাজার একরের বেশি বোরো জমি আন্ধিছড়ার পানি দিয়ে চাষাবাদ করেন। কিন্তু সাতগাঁও চা-বাগানে বাঁধ দিয়ে সব পানি মেশিনে টেনে নেওয়ায় ওই ছয়টি গ্রামের মানুষ পানির অভাবে বোরো জমি তৈরি করতে পারছেন না।ভূনবীর গ্রামের কৃষক আলেক মিয়া বলেন, ‘ছড়াত পানি নাই। চা-বাগানো মোটর লাগাইয়া সব পানি তুলিলার। আমরা ধান ফলাইতাম কেমনে?’ ইসলামপাড়া গ্রামের ছনর আলী বলেন, ‘পানির লাগি আমন ধান পাইছি না। ওখন বোরোও চাষ করতাম পাররাম না। আমরা কিতা মরি যাইতামনি।’উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস ও ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রশিদকে দিয়ে একটি কমিটি করে দেয়। ওই কমিটি সরেজমিনে পরিদর্শন করে বোরো ধান চাষাবাদের জন্য চা-বাগান কর্তৃপক্ষকে দুই দিন পরপর চা-গাছে সেচ দেওয়ার শর্ত দেয়।সাতগাঁও চা-বাগানের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, বাগানের অনাবাদি কয়েকটি টিলায় নতুন আবাদ করা হয়েছে। তাই ছড়ায় বাঁধ দিয়ে সেচ দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, কমিটির শর্ত মেনেই চা-বাগানে সেচ দেওয়া হচ্ছে।ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রশিদ বলেন, রফিকুল ইসলামের দাবি সত্য নয়। চা-বাগান কর্তৃপক্ষ কমিটির শর্ত মানছে না। তারা দুই মাস ধরে রাত-দিন একনাগাড়ে চা-গাছে সেচ দিচ্ছে। তাই আন্ধিছড়ার ভাটিতে কৃষকেরা পানি পাচ্ছেন না।গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। মৌলভীবাজারের জেলা প্রশাসক মহোদয়ও আমাকে নির্দেশনা দিয়েছেন। খুব শিগগির সরেজমিনে যাব। বোরো আবাদের জন্য কৃষক পানি না পেলে পাকা বাঁধটি অবশ্যই ভেঙে দেওয়া হবে।’