এক হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ওয়ার্ল্ডটেল ও পিপলসটেলের কাছ জরিমানাযোগ্য এক হাজার কোটি টাকা আদায়ে কোনো উদ্যোগই নেয়নি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
এ দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়ের সুপারিশ করেছে নিরীক্ষা বিভাগ। তবে বিটিআরসি বলছে, তারা সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিটিআরসি কার্যালয়ের ২০০১-০২ অর্থবছর থেকে ২০০৯-১০ অর্থবছর পর্যন্ত লাইসেন্সিং কার্যক্রমের ওপর বিশেষ নিরীক্ষা পরিচালনা করে কম্পট্রোলার ও অডিটর জেনারেল (সিএজি) অফিস। প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, দুটি বেসরকারি পিএসটিএন (পাবলিক সুইচড টেলিকম নেটওয়ার্ক) অপারেটর ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেড ও পিপলস টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সার্ভিস লিমিটেড ফিক্সড ফোনসেবায় নিয়োজিত ছিল। কিন্তু অবৈধ ভিওআইপি কার্যক্রমে জড়িত থাকার পরও তাদের কাছ থেকে জরিমানা আদায় করেনি বিটিআরসি। এ কারণে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।
অথচ একই ধরনের অপরাধে গ্রামীণফোনের কাছ থেকে জরিমানা আদায় করেছে বিটিআরসি। ফলে বিষয়ে বিটিআরসির দেওয়া জবাব নিরীক্ষা বিভাগের কাছে গ্রহণযোগ্য হয়নি।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ঢাকা মহানগরে ফিক্সড ফোন ব্যবসার জন্য ২০০৯ সালে ১৫ বছর মেয়াদি লাইসেন্স পায় ওয়ার্ল্ডটেল বাংলাদেশ লিমিটেড। ২০১০ সালের ১৬ মার্চ প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক পরিচালনা কেন্দ্র পরিদর্শনে গিয়ে অবৈধ কল টার্মিনেশনসহ বরাদ্দ করা ফ্রিকোয়েন্সির অবৈধ ব্যবহারের প্রমাণ পায় বিটিআরসির পরিদর্শক দল। এ অবৈধ কাজের জন্য বিটিআরসির ৯৪তম কমিশন সভায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হলেও কোনো ক্ষতিপূরণ বা জরিমানা আদায় করা হয়নি। যদিও আইন অনুযায়ী এ জন্য ৫০০ কোটি টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে। উল্টো ২০১১ সালের ২৭ জুন মাত্র তিন লাখ টাকা জরিমানা নিয়ে আবারও কার্যক্রম চালু করার অনুমোদন দেওয়া হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয় ৪৯৯ কোটি ৯৭ লাখ টাকা।
এ বিষয়ে নিরীক্ষা বিভাগকে ব্যাখ্যা দিয়ে বিটিআরসি বলেছে, ২০০৮ সালের ৫৮ নম্বর অধ্যাদেশের আগের বিধান অনুসারে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০০১ সালের আইনে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান ছিল। বিটিআরসির এই জবাব গ্রহণ না করে নিরীক্ষা বিভাগ বলেছে, একই অধ্যাদেশবলে গ্রামীণফোনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
এদিকে, বেসরকারি ফিক্সড ফোন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো পিপলস টেলিকম। প্রতিষ্ঠানটি আঞ্চলিক পর্যায়ে ফিক্সড ফোনসেবা দেওয়ার জন্য ২০০৫ সালে এবং ২০০৮ সালে জাতীয় পর্যায়ে সেবা দেওয়ার অনুমোদন পায়। ২০১০ সালের জানুয়ারি মাসে তাদের গ্রাহকসংখ্যা ছিল দেড় লাখের বেশি। ওই বছরের ২১ মার্চ প্রতিষ্ঠানটির সুইচরুমে অভিযান পরিচালনা করে বিটিআরসি অবৈধ কল আনা-নেওয়ার (টার্মিনেশন) প্রমাণ পায়। এ কাজের জন্য বিটিআরসির ৯৪তম কমিশন সভায় (১০ মে ২০১০) পিপলসটেলের লাইসেন্স বাতিল করা হয়। 
নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, লাইসেন্স বাতিল করা হলেও অবৈধ কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠানটিকে কোনো জরিমানা করা হয়নি। আইন অনুযায়ী তাদের কাছ থেকে ৫০০ কোটি টাকা জরিমানা আদায়ের বিধান থাকলেও সেটা না করে রাষ্ট্রের ৫০০ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। পিপলসটেলের ক্ষেত্রেও ওয়ার্ল্ডটেলের মতো একই ধরনের ব্যাখ্যা দেয় বিটিআরসি। সেটাও গ্রহণ করেনি নিরীক্ষা বিভাগ; বরং প্রতিষ্ঠান দুটির কাছ থেকে টাকা আদায় করে নিরীক্ষা বিভাগের কাছে প্রমাণপত্র পাঠানোর কথা বলেছে নিরীক্ষা বিভাগ। 
দীর্ঘদিন হয়ে গেলেও বিটিআরসির পক্ষ থেকে টাকা আদায়ের বিষয়ে বিটিআরসির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জানতে চাইলে বিটিআরসির সচিব সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, নিরীক্ষা চলাকালেই বিটিআরসি এ বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। নিরীক্ষা বিভাগের প্রতিবেদনটি যেহেতু এখন সংসদীয় কমিটিতে যাবে, সে কারণে এ বিষয়ে সেখানেই মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হবে।