এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার দুইজন গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে গত বৃহস্পতিবার রাতে এক হাজার বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাঁর দেওয়া তথ্যানুযায়ী আরও একজনকে গ্রেপ্তার করা হয়।সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে একটি গাড়িসহ সাইফুলকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতিঝিল অঞ্চলের পরিদর্শক নজরুল ইসলাম। গাড়িটির পেছনে বস্তায় করে বোতলগুলো রাখা ছিল।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাইফুলের সঙ্গে আরও এক ব্যক্তি ছিলেন। পালিয়ে যাওয়া ওই লোকটির নাম আনোয়ার হোসেন বলে সাইফুল স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, কুমিল্লার মিয়াবাজার থেকে ফেনসিডিলগুলো নিয়ে তাঁরা ঢাকায় আসছিলেন।সাইফুলকে জিজ্ঞাসাবাদের পর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পালিয়ে যাওয়া আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এক হাজার বোতল ফেনসিডিলের মূল মালিক আনোয়ার। সাইফুল মূলত গাড়িচালক।