এক হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা গ্রেপ্তার আরও তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় গারাতি ছিটমহলে অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪৬ জনের নাম উল্লেখ করে এবং এক হাজার অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করে। অভিযোগ উঠেছে, ওই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ইন্ধনদাতা আওয়ামী লীগের এক নেতা হওয়ায় তাঁকে আসামি করা হয়নি।স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, হাঁড়িভাসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান আলী ঘটনার আগের রাতে ছিটমহলে হামলা চালানোর জন্য মাইকযোগে এলাকাবাসীকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা অভিযোগ করেন, ওসমানই এলাকাবাসীকে হামলা ও লুটপাটে ইন্ধন জোগান। কিন্তু তাঁকে আসামি না করায় এলাকার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে।ওসমান আলী গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ওই রাতে এলাকায়ই ছিলেন না।অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে গত শুক্রবার ভোরে দিলীপ, উমের আলী ও আমির হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারের ভয়ে ছিটমহলের আশপাশের গ্রামগুলোয় আতঙ্ক বিরাজ করছে।পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন বলেছেন, রাজনৈতিক বিবেচনায় কারও নাম বাদ দেওয়া হয়নি। আসামির তালিকা তৈরিতে পুলিশের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ: জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিটমহলের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার শতাধিক শিক্ষার্থীকে পাঠ্যপুস্তক, বই ও কলম দেওয়া হয়। এ ছাড়াও বেসরকারি সংগঠন আরডিআরএসের পক্ষ থেকে ছিটমহলের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।১৬ অক্টোবর গারাতি ছিটমহলে ওই অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।