এক হাজার মাদ্রাসায় নতুন ভবনের কাজ শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘মহাজোট সরকার দেশের মাদ্রাসাগুলোর যে উন্নয়ন করেছে, তা আর কখনো হয়নি। সারা দেশে এক হাজার মাদ্রাসায় নতুন ভবনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসায় উন্নীত করা হয়েছে এবং ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’ গতকাল রোববার সিলেটের গোলাপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক অনুষ্ঠানের এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। গোলাপগঞ্জের সালাম মকবুল উচ্চবিদ্যালয়ের ৫৫ লাখ টাকা ব্যয়ে নতুন শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ কুতুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপাশা শাহ হক রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলসাইন্দ দ্বিপাক্ষিক উচ্চবিদ্যালয় ও চৌধুরী দাখিল মাদ্রাসার নতুন শিক্ষা ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে ফুলসাইন্দ দারুল কেরাত দাখিল মাদ্রাসায় কৃতী ছাত্রছাত্রীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।অনুষ্ঠানে কৃষি উন্নয়ন করপোরেশনের নির্বাহী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল ওহাব জোয়ার্দার বক্তব্য দেন।শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্মরণে শোকসভা: সিলেট শিক্ষা বোর্ডের প্রয়াত চেয়ারম্যান এস এম আবদুল খালেক স্মরণে শোকসভায় শিক্ষামন্ত্রী বলেছেন, ‘তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ ও আলোকিত মানুষ। দায়িত্ব পালনকালে তিনি শিক্ষাক্ষেত্রে সিলেটকে এগিয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। একজন পরিপূর্ণ সফল মানুষ হিসেবে তিনি তাঁর কর্মজীবন সমাপ্ত করেছেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।’ গত শনিবার রাতে সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।সমিতির জেলা শাখার সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ফাহিমা খাতুন। আরও বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনির উদ্দিন, এম সি কলেজের অধ্যক্ষ ধীবেশ চন্দ্র সরকার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক তৌফিক এজদানী চৌধুরী, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল হক চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক গোলাম কিবরিয়া তাপাদার, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, জকিগঞ্জ কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ কুমার সাহা প্রমুখ।