এক হাজার মাল্টিমিডিয়া বিদ্যালয়ের যাত্রা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে তাঁর কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০০ মাধ্যমিক ও ৫০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর ‘ডিজিটাল শ্রেণীকক্ষ’ উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি দেশের শতাব্দীপ্রাচীন শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরির লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। খবর বাসসের।এক হাজার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ উদ্বোধনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ডিজিটালাইজেশনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার গ্রাম ও শহরে পাঠদানে বৈষম্য ঘোচাতে চায়। এ লক্ষ্যে পিপিপির ভিত্তিতে ২০ হাজার ৫০০ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় একটি করে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ প্রতিষ্ঠা করা হচ্ছে।