এক হাজার মুরগিসহ পিকআপ ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলায় গত মঙ্গলবার রাতে প্রায় দেড় লাখ টাকা মূল্যের এক হাজার মুরগিসহ একটি পিকআপ ছিনতাই হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই পিকআপের চালক ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল গ্রামের তরিকুল ইসলাম হাওলাদার (৩০) সালথা থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহার, চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার মেসার্স নাঈমুল পোলট্রি ফার্মের ওই পিকআপ প্রায় দেড় লাখ টাকা মূল্যের এক হাজার মুরগি নিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। চারজন ছিনতাইকারী হাইওয়ে পুলিশের ব্যবহূত লাইটের সাহায্যে সিগন্যাল দিয়ে পিকআপটি থামায়। পরে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে চালক তরিকুল ও হেলপার খুলনার কয়রা এলাকার মো. বুলুকে (৩০) জিমিঞ্চ করে পিকআপ থেকে নামিয়ে আগে থেকে পাশে দাঁড়ানো একটি মাইক্রোবাসে ওঠায়। ওই চার ছিনতাইকারীর একজন পিকআপের চাবি ছিনিয়ে নিয়ে পিকআপটি চালিয়ে নিয়ে যায়।পিকআপচালক আনোয়ার বলেন, ‘মাইক্রোবাসে তোলার পর ছিনতাইকারীরা আমাদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে। তারপর আমাদের কাছ থেকে একটি মুঠোফোন ও পাঁচ হাজার পাঁচ শ টাকা ছিনিয়ে নেয়। পরে আমাদের জোর করে ট্যাবলেট জাতীয় কিছু খেতে বাধ্য করে। এরপর আমরা জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর দেখি আমরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় শুয়ে আছি।’সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফছারউদ্দিন বলেন, পিকআপটি উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।