বাংলাদেশ থেকে এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভিন্ন কোনো দেশে পাঠাতে চায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশে ওই সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের চেষ্টা চলছে। শরণার্থী আসার প্রবণতা বাড়তে পারে—এ আশঙ্কায় অতীতে এ ধরনের পুনর্বাসন প্রক্রিয়া স্থগিত করেছিল বাংলাদেশ সরকার।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রধান শিনজি কুবো জানিয়েছেন, এক হাজার রোহিঙ্গা শরণার্থীকে ভিন্ন কোনো দেশে পুনর্বাসনের জন্য তাঁরা বাংলাদেশ সরকারের অনুমতি চেয়েছেন। কয়েক বছর ধরে এ চেষ্টা হচ্ছে। শিনজি কুবো বলেন, ‘বাংলাদেশের দুটো শরণার্থী ক্যাম্পে প্রায় ৩৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী রয়েছে। সেখান থেকে আমরা এক হাজার জনকে বাছাই করেছি।’
এর আগে বিভিন্ন সময় মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৯০০ রোহিঙ্গা শরণার্থীকে কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু ২০১২ সালে বাংলাদেশ সরকার এ প্রক্রিয়া স্থগিত করে। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ইউরোপ-আমেরিকায় পুনর্বাসনের বিষয়টিকে বাংলাদেশ সরকার সমর্থন করে না। সরকার মনে করে, এ ধরনের প্রক্রিয়া চালু থাকলে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার প্রবণতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এ বিষয়ে বলেন, ‘এ ধরনের পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো লাভ হচ্ছে না। আমি বলব না যে এটি সরকারের মতামত। বিভিন্ন মন্ত্রণালয় মতামত জিজ্ঞেস করলেও আমি এ কথাই বলব। এর আগেও কয়েক শ রোহিঙ্গা এভাবে অন্যান্য দেশে গিয়েছিলেন। ফলে যেটি হয়েছে উদার হস্তে আমরা সবাইকে আহ্বান করছি যে তোমরা চলে এসো, তবেই তোমাদের ইউরোপ-আমেরিকায় যাওয়ার একটি বিরাট সম্ভাবনার পথ খুলে যাবে। এতে করে অতীতে আমাদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে।’
শিনজি কুবো জানান, কিছুসংখ্যক রোহিঙ্গা শরণার্থী আছে, যাদের জরুরি চিকিৎসা দরকার যা এ দেশে সম্ভব নয়। এ ছাড়া কিছু শরণার্থীর পরিবারের সদস্যদের আগে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয়েছে। তারা যাতে পরিবারের সঙ্গে একত্রিত হতে পারে এবং যাদের চিকিৎসা দরকার তারা যাতে সে সুবিধা পায়, সে ভিত্তিতে শরণার্থীদের বাছাই করা হয়েছে।
ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রধান জানান, এ দেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের ভিন্ন কোনো দেশে নিয়ে যেতে হলে ওই সব দেশের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। কিন্তু তাদের সঙ্গে আলোচনা শুরু করতে হলে আগে বাংলাদেশ সরকারের অনুমোদন নিতে হবে। কারণ, বাংলাদেশ সরকারের অনুমতি না থাকলে ওই শরণার্থীরা এ দেশ ত্যাগ করতে পারবে না। রোহিঙ্গাদের ভিন্ন কোনো দেশে পুনর্বাসনের ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা আছে বলে তিনি উল্লেখ করেন।
সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে এবং যুক্তরাষ্ট্রে অভিবাসী এবং শরণার্থীদের ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ করে এ প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছেন। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা মুসলমানদের সেসব দেশে পুনর্বাসন করা কতটা সহজ হবে, তা নিয়ে প্রশ্ন আছে। এ প্রসঙ্গে শিনজি কুবো বলেন, ‘বিশ্বজুড়ে যেসব আলোচনা হচ্ছে তা নিয়ে আমি অবগত আছি। আমি মনে করি, এসব শরণার্থীর মানবিক সহায়তার বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব আমাদের। পুনর্বাসন করা সহজ নাকি কঠিন, সে বিষয়টিকে এক পাশে সরিয়ে রেখে এর সমাধানের জন্য কাজ করে যাওয়া আমাদের দায়িত্ব।’
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর দমন-পীড়নের সময় গত চার মাসে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে বলছে এ দেশের সরকার। এর আগে বিভিন্ন সময় আরও তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।