এক হাজার শিক্ষক বেতন পাননি
ঝিনাইদহ সদর উপজেলার ১৯৭টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক গতকাল শুক্রবার পর্যন্ত মার্চ মাসের বেতন পাননি। বেতন না পেয়ে তাঁরা বিপাকে পড়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা জানান, তাঁরা সারা মাস বাকিতে দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনেন। অনেকের বাসা ভাড়া মেটাতে হয় ৫ তারিখের মধ্যে। কিন্তু বেতন না পাওয়ায় তাঁরা বাকির টাকা ও বাড়ি ভাড়া পরিশোধ করতে পারছেন না। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ মার্চ থেকে এখানে কোনো কর্মকর্তা নেই। সদর উপজেলার সাবেক শিক্ষা কর্মকর্তা তবিবর রহমান এক মাস আগে পদোন্নতি নিয়ে নড়াইল জেলায় বদলি হয়েছেন। সহকারী শিক্ষা কর্মকর্তা আছেন দুজন। তাঁদের মধ্যে একজন শাহিন আক্তার বর্তমানে প্রশিক্ষণে আছেন। অপর সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন ২১ মার্চ ছুটি নিয়েছেন। উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন শিকদার জানান, তাঁরা প্রতি মাসের ৩ তারিখের মধ্যে পূর্ববর্তী মাসের বেতন পেয়ে যান। কিন্তু এবার ৭ তারিখ পার হলেও বেতন পাননি। আগামী কয় দিনের মধ্যে পাবেন, তাও বলতে পারেন না। ঝিনাইদহ শহরের ওয়াজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম জানান, বাচ্চার দুধসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই বাকিতে কিনতে হয়। মাস শেষে বেতন পেয়ে সব দেনা পরিশোধ করা হয়। এখনো বেতন না পাওয়ায় তাঁরা বাকির টাকা পরিশোধ করতে পারছেন না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন জানান, সদর উপজেলায় অপর একটি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে দু-এক দিনের মধ্যেই শিক্ষকদের বেতন দেওয়ার ব্যবস্থা করা হবে।