অধ্যক্ষ আমির আলী আজাদ তাঁর মা আমিনা খাতুনের পায়ে পানি ঢেলে দিচ্ছেন। মায়ের চোখে পানি। সঙ্গে এক হাজার শিক্ষার্থী তাদের মায়ের পা ধুয়ে দিল। এ দৃশ্য নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের।
গতকাল সোমবার ওই প্রতিষ্ঠানে ‘মায়ের জন্য ভালোবাসা’ শীর্ষক কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমির আলী আজাদ। প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার এক হাজারের বেশি শিক্ষার্থী ও তাঁদের মায়েরা এ কর্মসূচিতে অংশ নেন।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কলেজ চত্বরে জড়ো হয়েছেন মায়েরা। নির্দিষ্ট আসনে বসে পড়েন তাঁরা। তাঁদের সামনে হাঁটু গেড়ে বসেছে সন্তানেরা। তারা এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষক ইসমত জেরিন মান্নানের আবেগময় উপস্থাপনায় শুরু হয় ‘মায়ের জন্য ভালোবাসা’ অনুষ্ঠান, যা শুনে কাঁদছিলেন মায়েরা, তাঁদের সন্তানেরা। তিনি সবাইকে একযোগে মায়ের পায়ে পানি ঢেলে দেওয়ার আহ্বান জানান।
আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে মায়ের পায়ে পানি ঢেলে পা ধুয়ে দেওয়া শুরু করেন অধ্যক্ষ। এরপর তোয়ালে দিয়ে মুছে দেন পা। মা তখন অঝোরে কাঁদছিলেন, জড়িয়ে ধরলেন সন্তানকে। পরম স্নেহে সন্তানের (অধ্যক্ষ) কপালে চুমু দিলেন। কাঁদলেন অধ্যক্ষ নিজেও। এ সময় সব শিক্ষার্থীও তাঁদের মায়ের পা ধুয়ে দেওয়া শুরু করে। সবার চোখে পানি। কাঁদেন মায়েরাও। পা ধোয়ানো শেষে মায়েদের মুখে মিষ্টি তুলে দেয় সন্তানেরা।
কমলা রানী ঘোষ গৃহিণী। তাঁর মেয়ে ওই প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী। কমলা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা একটা অভূতপূর্ব ব্যাপার। আমার মেয়ে যখন পায়ে পানি ঢালছিল, তখন বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। এ এক অন্য রকম ভালোবাসার টান।’
অধ্যক্ষ আমির আলী আজাদ বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে অভিভাবকদের প্রতি ভালোবাসার চেতনা জাগানোর চেষ্টা করেছি আমরা। এ চেতনা ধারণ করলে সন্তানেরা অবশ্যই মা-বাবার অনুশাসন মেনে চলবে। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে।’
সহকারী শিক্ষক ফরিদা বানু বলেন, বৃদ্ধ বয়সে মা-বাবাকে যাতে বৃদ্ধাশ্রমে যেতে না হয়, সে জন্যই এ কর্মসূচির আয়োজন। আমাদের বিশ্বাস এতে সফলতা আসবে।’
‘মায়ের জন্য ভালোবাসা’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক আবুল কালাম আজাদ, শিক্ষক আ ত ম রেজাউল কবির, সাংবাদিক এম আর আলম, আমিরুজ্জামান, অভিভাবক মোহছেনা বেগম প্রমুখ।