সংসদে প্রশ্নোত্তর: জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল
এক হাজার ২৫ কোটি টাকার ৮৭টি প্রকল্প অনুমোদন
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল থেকে সরকার এখন পর্যন্ত এক হাজার ২৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৮৭টি প্রকল্প অনুমোদন করেছে। আরও প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে। গতকাল সোমবার সংসদে বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ এ কথা জানান।হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট আকারে সরকারের কাছে সংরক্ষিত আছে। কিন্তু রাজাকার ও যুদ্ধাপরাধীদের তালিকা সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। খুলনায় রাজাকারদের যে সদর দপ্তর ছিল, সেখান থেকে পাওয়া তালিকা থেকে ৩০ হাজারের বেশি রাজাকার সম্পর্কে তথ্য পাওয়া যায়।হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বলেন, আগামী অর্থবছরে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আছে। মোহাম্মদ শাহ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা হচ্ছে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মুক্তি-যোদ্ধাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬১ করার বিষয়টি সরকারের সক্রিয়া বিবেচনায় আছে। হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, বিগত ৪০ বছরের মধ্যে বিমান ১৭ বছর লাভ করেছে, লোকসান দিয়েছে ২৩ বছর। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রতিরক্ষ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তমন্ত্রী এ কে খন্দকার বলেন, সমুদ্রসীমা পাহারায় নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য ১০ বছরের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনার আওতায় এরই মধ্যে দুটি যুদ্ধজাহাজ ও একটি জরিপ জাহাজ কেনা হয়েছে। এ ছাড়া দুটি লার্জ পেট্রল ক্রাফট, দুটি মেরিটাইম পেট্রল ক্রাফট, পাঁচটি পেট্রল ক্রাফট ও একটি ওয়েল ট্যাংকার নির্মাণের কাজ অব্যাহত আছে।