এক হাজার ৪৩৩ মুরগি নিধন দুই হাজার ৮২০ ডিম ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার জিরানী বাজার এলাকায় একটি খামারের বার্ড ফু্ল আক্রান্ত এক হাজার ৪৩৩টি মুরগি নিধন ও দুই হাজার ৮২০টি ডিম ধ্বংস করা হয়েছে।জেলা প্রাণিসম্পদ অফিস ও খামার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের মহিলাবিষয়ক অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ মহিলাদের জন্য কৃষিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের একটি মুরগির খামার রয়েছে। ওই মুরগির খামারে কয়েক দিন ধরে অজ্ঞাত কারণে মুরগি মরতে শুরু করে। পরে খামার কর্তৃপক্ষ গত সোমবার সকালে বিষয়টি জেলা প্রাণিসম্পদ অফিসে অবহিত করলে মৃত মুরগির নমুনা সংগ্রহ করে। পরে ওই দিনই মৃত মুরগি ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পাঠানো মুরগির নমুনায় বার্ড ফ্লুর জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে। পরে গত সোমবার দিবাগত রাত ১০টা থেকে পরদিন গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ভেতরে গর্ত করে এক হাজার ৪৩৩টি মুরগি নিধন ও দুই হাজার ৮২০টি ডিম ধ্বংস করে তা মাটিচাপা দেওয়া হয়। খামারের কর্মকর্তা আফজাল হোসেন জানান, ওই খামারে এক হাজার ৫৭০টি মুরগির মধ্যে গত দুই দিনে ১৩৭টি মারা যায়। পরীক্ষার পর বার্ড ফ্লুর জীবাণু নিশ্চিত হলে খামারের অবশিষ্ট মুরগি ও ডিম ধ্বংস করে তা মাটিচাপা দেওয়া হয়।গাজীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কালিয়াকৈরে হাঁস-মুরগি ও পাখির মৃত্যু: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ও শ্রীফলতলী ইউনিয়নের কয়েকটি গ্রামে দুই দিন ধরে অজ্ঞাত রোগে পাখি ও হাঁস-মুরগি মারা যাচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সোনাতলা, কাপাসিয়াচালা, গাবচালা, ফকির মার্কেট ও শ্রীফলতলী এলাকার বলিয়াদী গ্রামের মনোরঞ্জনের পোলট্রি খামারে হঠাৎ করে পাখি ও খামারের মুরগি মারা যাচ্ছে। ধীরে ধীরে এর সংখ্যা বাড়তে থাকে। হঠাৎ করে অজ্ঞাত কারণে হাঁস-মুরগি ও পাখির মৃত্যু হওয়ায় এলাকার পোলট্রি খামারিরা তাঁদের মুরগি বাজারের চেয়ে কম মূল্যে বিক্রি করে দিচ্ছেন। তাঁদের ধারণা, এলাকায় বার্ড ফ্লু দেখা দিয়ে থাকতে পারে। উপজেলার গাবচালা গ্রামের পোলট্রি ব্যবসায়ী সুব্রত রক্ষিত জানান, অজ্ঞাত রোগের ভয়ে তাঁর খামারের মুরগি কম দামে বিক্রি করে দিচ্ছেন। এতে তাঁর লাখ টাকার ক্ষতি হয়েছে। অজ্ঞাত রোগের ভয়ে এখন বেশির ভাগ পোলট্রি খামার মালিকেরা নতুন করে খামারে মুরগি ওঠানো বন্ধ করে দিয়েছেন। জানতে চাইলে এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মেজবাহ উদ্দিন খন্দকার পাখি মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তবে এটা অজ্ঞাত বা বার্ড ফ্লু রোগ নয়, মৃত মুরগি ও পাখি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রানীক্ষেত রোগে ওগুলো মারা গেছে।