এক হাজার ৯৭২টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই
দেশের এক হাজার ৯৭২টি গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রামে শিক্ষা বিস্তারের সুযোগ তৈরির জন্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। গতকাল বুধবার জাতীয় সংসদে ফরিদুন্নাহার লাইলির এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার দেড় হাজার গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া নদীভাঙনের ফলে যেসব প্রাথমিক বিদ্যালয় বিলুপ্ত হয়ে গেছে, সেসব প্রাথমিক বিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশের সরকারি উচ্চবিদ্যালয়গুলোয় তিন হাজার ১৮৫ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান শিক্ষকের ২৫০টি, সহকারী প্রধান শিক্ষকের ৩৯১টি, সহকারী শিক্ষকের দুই হাজার ৫৪৪টি পদ শূন্য। এসব পদে নিয়োগের কাজ শিগগিরই শুরু হবে।মন্ত্রিসভার ৫৪টি বৈঠক হয়েছে: সাংসদ ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে নিয়োজিত মন্ত্রী পরিষদ বিভাগের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত মন্ত্রিসভার ৫৪টি বৈঠক হয়েছে। এর মধ্যে ২০০৯ সালে ৫০টি এবং ২০১০ সালে চারটি বৈঠক হয়েছে। তিনি বলেন, এসব বৈঠকে সার ও ডিজেলের দাম কমানো, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড নীতিমালা অনুমোদন, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের অবসরের বয়সসীমা বৃদ্ধি, দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট: এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য এক হাজার ৮০৬টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। জাতীয় পার্টির সাংসদ এ বি এম রুহুল আমিন হাওলাদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান। শাহিন মনোয়ারা হকের লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরের এলাকা বর্ধিত করে উপশহর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে কেরানীগঞ্জের রুহিতপুর, গাজীপুরের টঙ্গী, সাভারের ভাকুর্তায় জমি নির্বাচনের কার্যক্রম প্রক্রিয়াধীন। জেলা পর্যায়ে কম্পিউটার ল্যাবরেটরি: বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রাজধানীর বাইরে জেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার দেওয়ার মাধ্যমে ল্যাবরেটরি স্থাপন করার পরিকল্পনা সরকারের রয়েছে। সাংসদ ফজলুল আজিমের লিখিত প্রশ্নের জবাবে তিনি সংসদকে আরও জানান, বর্তমানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে ৬৪টি জেলায় ১২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি করে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে।