এক হাজি নিখোঁজ, হতাহতের তালিকায়ও নাম নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের মিনা ট্র্যাজেডির পর থেকে নিখোঁজ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ফুরফুরা শরীফের জামিয়াতুল কোরআনুল করিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইদ্রিস আলীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, ঢাকায় বিভিন্ন এজেন্সি ও ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সঠিক কোনো তথ্য পায়নি তাঁর পরিবার।
পাকশী ফুরফুরা শরীফ মাহফিল পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সৌদি আরব থেকে হজ টিমের গাইড সূত্রে আমরা ইদ্রিস আলীর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। কিন্তু সরকারিভাবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
মাদ্রাসা সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর থানার পুরাহাট গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। পবিত্র হজ পালনের জন্য ‘হলিউড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ নামে একটি এজেন্সির মাধ্যমে ২৩ সহযাত্রীর সঙ্গে তিনি গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশে রওনা হন। এরপর ইদ্রিস আলীর সঙ্গে তাঁর পরিবারের লোকজনের সর্বশেষ কথা হয় পবিত্র ঈদুল আজহার আগের দিন ২৩ সেপ্টেম্বর রাত ১২টার দিকে। এরপর থেকে তাঁর সঙ্গে কারও কোনো যোগাযোগ হয়নি।
এ ব্যাপারে ইদ্রিস আলীর ছেলে মাহদী আবদুল্লাহ বলেন, ২৪ সেপ্টেম্বর মিনা ট্র্যাজেডির পর থেকে তাঁর বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর তিনি হলিউড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করলে এর মালিক রুহুল আমিন তাঁকে সঠিক কোনো তথ্য না দিয়ে অপেক্ষা করতে বলেন। এ ছাড়া ওই হজ টিমের গাইড আবদুল করিম ৯ অক্টোবর মাহদীকে ফোনে বলেন, ইদ্রিস আলীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তিনি মারা গেছেন।
মাহদী আবদুল্লাহ বলেন, সৌদি আরব থেকে ফিরে আসা চার-পাঁচজন সহযাত্রী হাজির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরাও কোনো সন্ধান দিতে পারেননি। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, ঢাকায় বিভিন্ন এজেন্সি ও ধর্ম মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সেখানেও আহত বা নিহত ব্যক্তিদের তালিকায় ইদ্রিস আলীর নাম পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার রাতে মাহদী আবদুল্লাহকে সৌদি থেকে গাইড আবদুল করিম আবার মুঠোফোনে জানান, ইদ্রিস আলী মিনা দুর্ঘটনায় আহত হওয়ায় কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোনো একসময় তিনি মারা গেছেন। তাঁকে কবর দেওয়া হয়েছে। তবে কোন দিন বা কখন তিনি মারা গেছেন—এ প্রশ্নের জবাবে ওই গাইড নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
মাহদী আবদুল্লাহ অভিযোগ করেন, মিনা ট্র্যাজেডির ২৩ দিন অতিবাহিত হলেও বাংলাদেশ বা সৌদি দূতাবাস থেকে তাঁদের কিছুই জানানো হচ্ছে না। এ নিয়ে তাঁর পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় আছেন।