এক হাতবদলেই দাম বাড়ে কয়েক গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শসা-বেগুনে হঠাৎ আগুন। এক দিন আগেও খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ২০ টাকা ও শসা ১৫ টাকায় বিক্রি হয়েছে। এক দিনের মাথায় গতকাল বেগুন ৪০ ও শসা ৩০ টাকায় বিক্রি হয়। ছবিটি গতকাল বিকেলে বগুড়া শহরের ফতেহআলী বাজার থেকে তোলা l প্রথম আলো
শসা-বেগুনে হঠাৎ আগুন। এক দিন আগেও খুচরা বাজারে প্রতি কেজি বেগুন ২০ টাকা ও শসা ১৫ টাকায় বিক্রি হয়েছে। এক দিনের মাথায় গতকাল বেগুন ৪০ ও শসা ৩০ টাকায় বিক্রি হয়। ছবিটি গতকাল বিকেলে বগুড়া শহরের ফতেহআলী বাজার থেকে তোলা l প্রথম আলো

হারুন অর রশিদ একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ান। মাস শেষে বেতনের টাকা হাতে এলে ছেলেমেয়েদের পড়াশোনার খরচ বাদে বাজারের জন্য নির্দিষ্ট কিছু টাকা আলাদা করে রাখেন। রোজার প্রথম দিন সকালে কিছু কেনার জন্য ব্যাগ হাতে ঢোকেন বগুড়ার ফতেহ আলী বাজারে। শসা, বেগুন ও করলার দাম জিজ্ঞেস করতেই দোকানি আবুল হোসেনের ঝটপট উত্তর—শসার কেজি ৩৬ টাকা, গোল বেগুন ৪৮, করলা ৪০।
দাম শুনে ভিরমি খাওয়ার জোগাড় হারুন অর রশিদের। রাগ করে বলে বসেন, ‘দেশটা কি মগের মুলুক? দুদিন আগেই শসা কিনলাম ১২ টাকা, বেগুন, করলা ২০ টাকা কেজি দরে। রোজার সুযোগ নিয়ে আজ দুই থেকে তিন গুণ বেশি?’
হারুন অর রশিদের তথ্যের সূত্র ধরেই পাইকারি বাজারে সবজির দাম জানতে এই প্রতিনিধি রওনা হন মহাস্থান হাটে। খেত থেকে শসা, বেগুন, করলা তুলে মহাস্থান হাটে এসেছিলেন বগুড়ার গাবতলী উপজেলার কামরচট্ট গ্রামের কৃষক বাদশা মিয়া (৪০)। জানালেন, হাটে প্রতি কেজি শসা ও করলা বিক্রি করে দাম পেয়েছেন সাড়ে ৭ টাকা। আর বেগুনের কেজি সাড়ে ১২ টাকা।

হিসাব কষে দেখা গেল, মহাস্থান হাটে বাদশা মিয়া যে শসা বিক্রি করে হাতে পাচ্ছেন সাড়ে ৭ টাকা, মাত্র ১২ কিলোমিটারের ব্যবধানে এক হাত বদল হয়ে সেই শসা ফতেহ আলী বাজারে হারুন অর রশিদের মতো ক্রেতাদের কিনতে হচ্ছে প্রায় চার গুণেরও বেশি দামে। একইভাবে করলা কিনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি দামে। বেগুন কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।

গতকাল মহাস্থান হাটে পাইকারি পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি করে কৃষক পেয়েছেন ১৫ টাকা। একবার হাতবদল হয়ে বগুড়ার ফতেহ আলী বাজারে এই কাঁচা মরিচ একই দিন বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০ টাকায়। মহাস্থান হাটে কৃষকের সাড়ে ৭ টাকার পটোল ব্যবসায়ীদের হাতবদলের পর তা বগুড়ার ফতেহ আলী বাজারে এসে বিক্রি হয়েছে ২০ টাকা কেজি দরে। ৬ টাকা কেজির ঢ্যাঁড়স ফতেহ আলী বাজারে ২০ টাকা কেজি দরে, ৩ টাকা কেজির বরবটি ফতেহ আলী বাজারে ৩০ টাকায়, ২৫ টাকা কেজির মুখিকচু ৫০ টাকায়, ১৫ টাকা কেজির পেঁপে ৩২ টাকায়, ৪ টাকার ঝিঙা ৩২ টাকায়, ৫০ টাকা কেজির ধনেপাতা ২০০ থেকে ২৫০ টাকায় এবং ৫ টাকা কেজির লালশাক ফতেহ আলী বাজারে ২৫ টাকা কেজি দরে ক্রেতাদের কিনতে হয়েছে।

পাইকারি বাজারে সবজি বিক্রি করতে আসা কৃষকেরা বলছেন, এক দিন আগের তুলনায় সব ধরনের সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। আবার খুচরা বাজারের সবজি ক্রেতারা বলছেন, দুদিন আগের তুলনায় সব ধরনের সবজির দাম দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়েছে।

পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাস্থান হাট থেকে বগুড়া শহর পর্যন্ত ১২ কিলোমিটার দূরত্বে এক কেজি সবজি পরিবহনে খরচ পড়ে গড়ে ৫০ পয়সা।

মহাস্থান হাট কাঁচামাল ও সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সোমবার মহাস্থান হাট থেকে চট্টগ্রাম ও সিলেট মোকামে ৫০ ট্রাক সবজি পাঠানো হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে তা খালাস না হওয়ায় আজ পাইকারি ব্যবসায়ীরা কম সবজি কিনেছেন। এতে সব ধরনের সবজির দাম পড়ে গেছে।

বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বাজার পরিস্থিতি মনিটরিং করছে জেলা টাস্কফোর্স। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে কমিটি সবকিছুই করবে। টিসিবি ডিলারদের মাধ্যমে খোলাবাজারে চিনি, খেজুর, ভোজ্যতেলের মতো পণ্য বিক্রি করা যায় কি না, সেটা দেখার জন্য কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।