দেশভাগের পটভূমি নিয়ে লেখা উপন্যাস গায়ত্রী সন্ধ্যা। আটশ পৃষ্ঠার এই উপন্যাসে উঠে এসেছে ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত ইতিহাসের নানা ঘটনা। ভারতের স্বাধীনতা থেকে শুরু, বঙ্গবন্ধুর মৃত্যু দিয়ে শেষ। এই সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় ভাবনাকে কীভাবে অনুপ্রাণিত করলেন, সে বিষয়ও উঠে এসেছে উপন্যাসের কাহিনিতে। এসবেরই এক নিদর্শন হয়ে আছে লেখিকা সেলিনা হোসেনের উপন্যাস গায়ত্রী সন্ধ্যা।‘এই উপন্যাসের জন্য আমি এত বড় সম্মাননা পাব তা কখনো কল্পনা করিনি, স্বপ্নেও ভাবিনি। এই প্রাপ্তি আমার স্বপ্নেরও অতীত।’ এভাবেই লেখিকা সেলিনা হোসেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এ বছর সম্মানসূচক ডিলিট লাভের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। গত ৮ মে রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ সেলিনা হোসেনসহ সাতজনকে ডিলিট সম্মাননা প্রদান করে।এ উপলক্ষে গতকাল বুধবার বেঙ্গল ক্যাফেতে লেখিকাদের সংগঠন ‘গাঁথা’ তাঁকে আনুষ্ঠানিক সম্মাননা জানায়। অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালেয়র শিক্ষক মালেকা বেগম। তিনি বলেন, ‘সেলিনা হোসেন এমন একজন লেখক যিনি লেখার উপকরণের সন্ধানে সারা দেশে ঘুরে বেড়ান। তিনি রাজশাহীর আদিবাসী পল্লিতে যেমন যান, তেমনি ঘুরে বেড়ান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে-পাহাড়ে। মানুষের জীবন বাস্তবতার গভীর থেকে উঠে আসা সেই লেখা পাঠকের হূদয় ছুঁয়ে যায়। তাঁর ডিলিট সম্মান অর্জন আমাদের সব নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদও বটে। তিনি পেশা থেকে অবসর নিয়েছেন, কিন্তু জীবন থেকে অবসর নেননি।’ সেলিনা হোসেন তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘সাধারণত ৭০ বছর বয়স হওয়ার আগে কাউকে ডিলিট দেওয়া হয় না। যেহেতু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে পাস হয়ে গেছে, তাই ৬৩ বছর বয়সেই আমি এই সম্মান পেলাম। আমরা যারা লিখি তারা যেমন প্রকৃতি দেখি, তেমনি সংকটও দেখি। এক হাতে আমার সমগ্র জীবন আর অন্য হাতে লেখা। কোনো দুঃখের কাছে নতজানু হতে চাইনি, হারতেও চাইনি। শুধু লিখে কাটাতে চাই বাকি জীবন।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ‘গাঁথা’র সদস্য লেখিকা পাপড়ি রহমান, ঝর্ণা রহমান, শাহরুখ ও কবি কাজী রোজী। সবশেষে বক্তব্য দেন প্রবীণ লেখিকা জাহানারা নওশীন। সঞ্চালনা করেন ‘গাঁথা’র সমন্বয়ক নিয়াজ জামান।লেখিকাদের সংগঠন ‘গাঁথা’র সদস্যরা ছাড়াও অনেকেই মনে করেন এই অর্জন সেলিনা হোসেনের একার নয়, পুরো বাংলাদেশের।মার্কস অলরাউন্ডার চূড়ান্ত পর্বে ৩৩ জন শিশুদের বহুমুখী প্রতিভার প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার ২০১০-এর চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছে ৩৩ জন প্রতিযোগী। আলোচিত এই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করছেন জাদুশিল্পী জুয়েল আইচ, অভিনয়শিল্পী অপি করিম ও কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ। গতকাল আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বুধবার দুপুরে বিচারকের নাম ঘোষণা করেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ও মার্কেটিং ডিরেক্টর নওশাদ করিম চৌধুরী। এ সময় তিন বিচারক উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন আবুল খায়ের গ্রুপের কনজ্যুমার গুডস ডিভিশনের কনসালট্যান্ট তাসনিম এ করিম। ফ্যান্টাসি কিংডমের খোলা প্রাঙ্গণে চূড়ান্ত পর্বের জন্য ৩৩ জন সেরা অলরাউন্ডার নির্বাচিত করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘মার্কস অলরাউন্ডার ২০১০’-এর নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্র থেকে প্রথম দিনের অডিশনে ২০০ জনকে প্রাথমিক নির্বাচন করা হয়। এরপর নানা পর্বের মধ্য দিয়ে প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায় থেকে বেরিয়ে এসেছে আঞ্চলিক পর্যায়ের সেরা ১০০ জনের নাম। এদের ভেতর থেকে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য খুঁজে বের করা হয় সেরা ৩৩ জনকে।এবারের প্রতিযোগিতায় সেরা ১০০ জন আঞ্চলিক বিজয়ীর প্রত্যেককে দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার প্রাইজবন্ড। পাশাপাশি ১০০ বিজয়ীর স্কুলকে দেওয়া হবে ১০০টি কম্পিউটার।মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় একজন প্রতিযোগীর নিজেকে সেরা প্রমাণ করার জন্য একটি বিষয়ে পারদর্শী না হয়ে একাধিক শাখায় দক্ষতা দেখাতে হয়। যার ভেতর থেকে বেরিয়ে আসে সেরা মার্কস অলরাউন্ডার।