এক হাতেই জীবনযুদ্ধ

দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ধান ছাঁটাই কলে হাতের কবজি জড়িয়ে সেটি ছিঁড়ে যায়। এরপর এক হাত দিয়ে সাইকেল চালিয়ে কখনো বিভিন্ন জিনিস বিক্রি করেছেন, কখনো মাঠে কাজ করেছেন। এখন তিনি এক হাতে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
যশোরের কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের আবদুস সেলিমের (৩৬) জীবনসংগ্রামের গল্পটা এমনই।
গত শুক্রবার মোটরসাইকেল চালিয়ে কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে তিনজন আরোহী নিয়ে দাঁড়ালেন সেলিম। পরে তাঁকে নিয়ে পাশের চা-দোকানে গিয়ে জানতে চাইলাম এক হাতে ঝুঁকি নিয়ে কেন মোটরসাইকেল চালাচ্ছেন। তিনি হেসে উত্তর দিলেন, ‘কী করব বলেন। পেট মানে না তাই।’
দোকানে বসে আবদুস সেলিম শোনালেন তাঁর গল্প। তিনি বলেন, একদিন স্কুল থেকে আসার পথে তাঁর ইচ্ছা হলো চালকল দেখার। বই-খাতা নিয়েই গ্রামের ধান ছাঁটাই কলে চলে গেলেন। সেখানে ধান ঝাড়ার কলের সঙ্গে একটি দড়ি প্যাঁচানো দেখে কৌতূহলবশত তাতে হাত দিয়ে ফেলেন। তখনই যন্ত্রটি চালু হয়ে গেলে তাঁর ডান হাতের কবজি ছিঁড়ে যায়। পরে খুলনা সদর হাসপাতালের চিকিৎসকেরা তাঁর হাত কনুইয়ের ওপর থেকে কেটে ফেলতে হবে জানান। এরপর আর লেখাপড়া করা হয়নি তাঁর। কিছুদিন পর বাবা মারা গেলে তাঁকেই সংসারে হাল ধরতে হয়।
প্রথমে তিনি গ্রামের মাঠে কাজ করেন। পরে সাইকেল চালানো শিখে সীমান্ত থেকে সাইকেলে করে ভারতীয় চিনি, লবণ ও ফল কেশবপুর, চুকনগর এবং খুলনার ডুমুরিয়া উপজেলায় বিক্রি করতেন। এরপর তিনি নিজের জমানো টাকা ও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ঋণ নিয়ে ৪৮ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনেন। নয় বছর ধরে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাচ্ছেন।
শুরুতে কেউ তাঁর মোটরসাইকেলে উঠতে চাইত না। আবার ভাড়ায়চালিত মোটরসাইকেলের অনেক চালক যাত্রীদের তাঁর মোটরসাইকেলে উঠতে নিষেধ করতেন। কিন্তু তিনি মনোবল হারাননি। প্রথমে চেনাজানা মানুষদের বুঝিয়ে মোটরসাইকেলে ওঠাতেন। এখন তিনি আগেই যাত্রী পেয়ে যান। প্রতিদিন ২০০-৩০০ টাকা আয় হয় এখান থেকে। তা দিয়ে মা, স্ত্রী আর ছেলেমেয়েসহ পাঁচজনের সংসার কোনো রকমে চলে যায়।
আরোহী আবদুস সালাম বলেন, ‘সেলিম ভালোই চালায়। ও থাকলে আর কারও মোটরসাইকেলে উঠি না।’
সেলিম আরও বলেন, ‘জীবনে কারও কাছে হাত পাতব না বা ভিক্ষা করব না এটিই ছিল আমার একমাত্র প্রতিজ্ঞা।’ তবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সরকার থেকে কোনো প্রতিবন্ধী ভাতা পান না বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, রাষ্ট্রীয় সব সুবিধার ব্যাপারে উপজেলা প্রশাসনের তাঁর প্রতি সুদৃষ্টি থাকবে।