এক হাতেই রিকশা চালান তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবে এক হাত দিয়ে রিকশা চালান আবু তালেব। ছবিটি গতকাল রাজধানীর কাঁঠালবাগান ঢাল থেকে তোলা। ছবি: লুৎফরজামান
এভাবে এক হাত দিয়ে রিকশা চালান আবু তালেব। ছবিটি গতকাল রাজধানীর কাঁঠালবাগান ঢাল থেকে তোলা। ছবি: লুৎফরজামান

শক্তপোক্ত শারীরিক গড়ন। একপাশ থেকে তাকালে বোঝা যায় না যে তিনি জন্মগতভাবে একজন প্রতিবন্ধী। তাঁর বাঁ হাতের কবজি ও এর একটু ওপরের অংশ নেই। এ অবস্থায়ও সব ধরনের কাজ করেন তিনি। নাম আবু তালেব, বাড়ি বগুড়া সদর উপজেলার ক্ষিদ্রধামা গ্রামে। দীর্ঘদিন বিরতি দিয়ে আবার ঢাকায় এসেছেন রিকশা চালাতে।
তিন ছেলে-মেয়ের বাবা আবু তালেব। বড় মেয়ের বয়স যখন ১৪ কী ১৫, তখনই তার বিয়ে দিয়ে দিয়েছেন। মেয়ের বয়স এখন ১৮। এ ছাড়া ১২ বছর বয়সী এক মেয়ে ও নয় বছর বয়সী এক ছেলে আছে তাঁর। দুজন স্কুলে পড়ছে। অভাবের কারণে এর আগে অনেক বছর ঢাকায় রিকশা চালিয়েছেন তিনি। মাঝে বিরতি দিয়ে গ্রামে কৃষিকাজ করেছেন। এখন আবার ঢাকায় রিকশা চালাচ্ছেন।
এক হাতে রিকশা চালাতে কোনো সমস্যা হয় না?—প্রশ্ন করতেই তালেবের উত্তর, ‘ওইভ্যাস হয়া গ্যাছে স্যার।’ ‘স্যার বলার দরকার নাই, ভাই বলেন’—বলতেই লাজুক হেসে তালেব বললেন, ‘জ্বি স্যার।’ এরপর তিনি জানালেন, দীর্ঘদিন এভাবে কাজ করার ফলে তাঁর কোনো সমস্যা হয় না। এক হাতে তিনি রিকশা চালাতে পারেন। তবে অনেক সময় গর্ত কিংবা হঠাৎ রিকশার ব্রেক কষতে গেলে সমস্যা হয়।
এক হাত না থাকায় তেমন কোনো দুঃখ বা হতাশা নেই তালেবের। বললেন, জন্ম থেকেই হাত না থাকা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তবে সরকারের দেওয়া প্রতিবন্ধী ভাতা পেলে তিনি উপকৃত হতেন। অনেক দিন চেষ্টাও করেছেন প্রতিবন্ধী ভাতা পাওয়ার জন্য। কিন্তু মেলেনি। ভাতা আসলে পাবেন, এখন সম্ভব না—প্রতিবারই এ জাতীয় কথা শুনেছেন। অনেকে নামও নিয়েছেন তাঁকে ভাতা দেওয়ার জন্য, তবু কাজ হয়নি।
এ বিষয়ে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বলেন, ‘আমি তো দায়িত্বে নতুন এসেছি। খোঁজ-খবর নিয়ে দেখব।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নতুন অনেকে তো ভাতা পাচ্ছেন। তালেব এই তালিকায় আছেন কি না সেটা জানার চেষ্টা করবেন।