এক হাসপাতাল দুবার উদ্বোধন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা লালমোহন উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি এ নিয়ে দুবার উদ্বোধন করা হলো। আর উদ্বোধন করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগেরই দুজন সাংসদ। অথচ হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, সেবিকা এমনকি প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। সেসব দিক বিবেচনা না করে সাংসদেরা উদ্বোধন নিয়ে ব্যস্ত। এমন ঘটনাকে অনেকে হাস্যকর ও টাকার অপচয় বলে উল্লেখ করেছেন। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতাল ভবনটি দ্বিতীয়বারের মতো উদ্বোধন করেন বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী শাওন। এ সময় তিনি বলেন, ‘লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে স্বয়ংসম্পূর্ণ করার সর্বাত্মক চেষ্টা থাকবে আমার। কারণ লালমোহনের অধিকাংশ মানুষ নদীভাঙনের শিকার ও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। তারা যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সঠিক চিকিৎসা পায়, তার ব্যবস্থা করব।’ একই ভবন ২০০৯ সালের ২৭ আগস্ট উদ্বোধন করেন সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সটি সম্পূর্ণ নির্মিত হওয়ার পর ২০০৯ সালে উদ্বোধন করে এর কার্যক্রম শুরু করেছি। তখনো বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার দায়িত্বে ছিলেন লাবণ্য প্রভা দে। অন্যান্যের মধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম, উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির প্রমুখ।’ সাবেক সাংসদ অভিযোগ করেন, ‘বর্তমান সাংসদ নূরনবী হিংসা ও জেদের বশবর্তী হয়ে আমার উদ্বোধন করা নামফলক ভেঙে একই ভবন পুনরায় উদ্বোধন করলেন। অথচ হাসপাতালে চিকিৎসক নেই, নেই সেবিকা ও চিকিৎসা-সরঞ্জাম। চিকিৎসকের অভাবে গরিব রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে না।’ জবাবে বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আমিই প্রথম উদ্বোধন করেছি। এর আগে কেউ এটি উদ্বোধন করেনি।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা লাবণ্য প্রভা দে প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালের শেষের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সটির কার্যক্রম শেষ হয়। এরপর সাবেক সাংসদ জসিম উদ্দিন আহাম্মেদ ২০০৯ সালে একবার উদ্বোধন করেন। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়নি। গতকাল বর্তমান সাংসদ নূরনবী চৌধুরী ভবনের কার্যক্রমের উদ্বোধন করলেন।’ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সন্তোষ কুমার সরকার বলেন, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, আবাসিক চিকিৎসা কর্মকর্তাসহ ২৮টি চিকিৎসকের পদ আছে। সেখানে মাত্র পাঁচজন চিকিৎসা কর্মকর্তা আছেন। বাকি ২৩টি পদই শূন্য। এ ছাড়া সেবিকা, পরীক্ষাগার সহকারীসহ অন্যান্য একাধিক পদ শূন্য রয়েছে। জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে ভোলা-৩ আসনে জয়ী হন আওয়ামী লীগের জসিম উদ্দিন আহাম্মেদ। পরে বিএনপির সহসভাপতি হাফিজ উদ্দিন আহাম্মেদ তাঁর বিরুদ্ধে মামলা করেন। মামলায় পরাজিত হয়ে জসিম উদ্দিনের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। পরে ২০১০ সালের ২৪ এপ্রিল উপনির্বাচনে আওয়ামী লীগের নূরনবী চৌধুরী জয়লাভ করেন।বিএনপির সহসভাপতি ও সাবেক সাংসদ হাফিজ উদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও এর উদ্বোধন আমাদের সময়ে ২০০৫ সালে হয়। শুনেছি আওয়ামী লীগের সাংসদদ্বয় দুবার একই ভবন উদ্বোধন করেছেন। এ ছাড়া ২০০৩-০৪ সালে নির্মিত ইউনিয়ন ভবনগুলোও বর্তমান সাংসদ উদ্বোধন করেছেন। সারা দেশেই এমন হচ্ছে। এটি হাস্যকর ও অপব্যয়।’