এক হোটেলমালিক গ্রেপ্তার, পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি সিটি ব্যাংক লিমিটেডের পয়েন্টস অব সেল (পিওএস) যন্ত্র জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরার কমফোর্ট ইন নামের আবাসিক হোটেলের মালিক আবুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার মধ্যরাতে উত্তরার বোনের বাসা থেকে আবুল হাসনাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল মঙ্গলবার তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।
পুলিশের সূত্র বলেছে, চার তারকা কমফোর্ট ইন হোটেলের মালিক আবুল হাসনাতের আবেদনের পরিপ্রেক্ষিতে হোটেলটিতে সিটি ব্যাংক লিমিটেড পিওএস যন্ত্র বসায়। ওই পিওএস যন্ত্র জালিয়াতি করে বিদেশিদের ৩ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৯৪৭ টাকা তুলে নেওয়া হয়। গত বছরের ৮ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ১৪০টি ম্যানুয়াল কি এন্ট্রি ট্রানজেশনে ওই টাকা তুলে নেওয়া হয়। এ ঘটনায় গত ১ মার্চ সিটি ব্যাংক আবুল হাসনাতের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে গুলশান থানায় মামলা করে। মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর ডিবি আবুল হাসনাতকে ডিবি কার্যালয়ে যেতে চিঠি পাঠিয়েছিল।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক রফিকুল ইসলাম ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গতকাল আবুল হাসনাতকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। হাসনাতের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তাঁরা বলেন, হোটেলে সিটি ব্যাংকের পিওএস যন্ত্রের মাধ্যমে গ্রাহক টাকা পরিশোধ করেছেন। সিটি ব্যাংক সেই টাকা হোটেল মালিককে পরিশোধ করেছে। ঘটনার ছয় মাস পর বলা হচ্ছে, ওই গ্রাহকেরা সঠিক নন। এর দায় ব্যাংক এবং পিওএস যন্ত্র সরবরাহকারীর। তাই এই আসামিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিক কারণ নেই।
শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসনাতের জামিনের আবেদন নাকচ করেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা বিদেশি নাগরিক পিওতর সিজোফেন মুজারিক ও ট্রাভেল এজেন্সির কর্মচারী আবু জাফর পিওএস যন্ত্র জালিয়াতি করে টাকা তুলে নিতে হাসনাতকে সহায়তা করেছেন। পিওতর ও জাফর কারাগারে রয়েছেন।