এক হয়ে পথ চলবে চারঘাট আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের ছয় বছরের দ্বন্দ্ব ও সংকট সমাধানে গতকাল শনিবার সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকে কাউকে বাদ দিয়ে নয়, সবাই একসঙ্গে সংগঠনকে এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, চারঘাট-বাঘা আসনের বর্তমান সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০০৮ সালে এই আসনের মনোনয়ন পাওয়ার পর থেকেই এখানে নেতৃত্বের সংকট তৈরি হয়। নির্বাচনের আগে প্রার্থী বাছাইয়ের জন্য তৃণমূলে ভোটাভুটি হয়। তাতে চারঘাট এবং বাঘা এই দুই উপজেলাতেই সাবেক সাংসদ ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক রায়হেনুল হক নির্বাচিত হন। কিন্তু তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন পান শাহরিয়ার আলম। নির্বাচনে জয়ের পর রায়হেনুল হকের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। দলের নেতা-কর্মীরাও দুই অংশে বিভক্ত হয়ে পড়েন।
২০১১ সালের পৌরসভা নির্বাচনে রায়হেনুলের স্ত্রী নার্গিস খাতুন দলের প্রার্থীর বিপক্ষে নির্বাচনে দাঁড়ান। এ সময় উপজেলা আওয়ামী লীগ থেকে রায়হেনুল হককে বহিষ্কারের সুপারিশ করা হয়। তবে নির্বাচনে তাঁর স্ত্রী জয়ী হন। এসব নিয়ে সাংসদের সঙ্গে রায়হেনুল ও তাঁর সমর্থকদের দূরত্ব বেড়ে যায়। এবার চারঘাট উপজেলা নির্বাচনে দলের সমর্থনে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম। তিনি আগে রায়হেনুল হকের সঙ্গে রাজনীতি করলেও বর্তমানে শাহরিয়ার আলমের সঙ্গে আছেন। ১৫ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেতা-কর্মীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান চারঘাটে আসেন। রায়হেনুল হক ও তাঁর নেতা-কর্মীরা উপজেলার পিটুলি তলায় তাঁকে ফুল দিয়ে বরণ করেন। কিছুক্ষণ পর সেখানে উপজেলা নির্বাচনের প্রার্থী ফকরুল ইসলামকে নিয়ে আসেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়েব উদ্দিন। তাঁরা একসঙ্গে মিছিল করে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ে যান। বিদ্যালয়ের একটি কক্ষে নেতা-কর্মীরা সমঝোতা বৈঠকে বসেন। সেখানে তাঁরা সিদ্ধান্তে আসেন কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সংগঠন গোছাতে হবে। এত দিন দলের মধ্যে যেসব নেতা বঞ্চিত বা পদচ্যুত হয়েছেন, তাঁদের সম্মানজনক অবস্থায় নিয়ে আসা হবে। পরে বিদ্যালয় মাঠের মঞ্চে এসব সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দেন নেতারা।
এ এইচ এম খায়রুজ্জামান বলেন, দ্বন্দ্ব ও সংকট নিরসনে দুই পক্ষে সমঝোতা হয়েছে। এখন থেকে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন।