একই এলাকায় চার দিনে তিনবার ট্রেন লাইনচ্যুত
সিরাজগঞ্জে এক কিলোমিটারের মধ্যে চার দিনের ব্যবধানে তিনবার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। সর্বশেষ গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাছে মাহমুদপুর এলাকায় লাইনচ্যুত হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পেছনের দুটি বগি।
এর আগে গত মঙ্গলবার মাহমুদপুর এলাকাতেই লাইনচ্যুত হয় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পেছনের বগিটি। পরের দিন বুধবার রাত ১০টার দিকে এক কিলোমিটারের মধ্যে রায়পুর এলাকায় লাইনচ্যুত হয় একই ট্রেনের ইঞ্জিন।
ঈদের পরে চার দিনে তিনবার একই এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। গতকাল সকালের ঘটনার পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঈশ্বরদী-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করার পর বিকেল পাঁচটায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। লাইনটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেখানে বারবার ট্রেন লাইনচ্যুত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট লোকজন।
ট্রেন লাইনচ্যুতির ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য সিরাজগঞ্জ বাজার স্টেশনের দায়িত্বে থাকা ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মাদ আশরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত এবং পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় প্রকৌশলী মো. মনিরুল ইসলাম ফিরোজীকে বদলি করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী এম এইচ বকশি জানান, গতকাল সকালে ঈশ্বরদী থেকে ছেড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশন পৌঁছে বেলা পৌনে ১১টায়। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়ে পাঁচ শ মিটার দূরে মাহমুদপুরে পৌঁছালে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পর গতকাল ঢাকাগামী প্রায় আট শতাধিক যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
প্রকৌশলী এম এইচ বকশি বলেন, বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়া ও নরম হওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রেললাইনের যে অবস্থা তাতে এই এলাকার চার কিলোমিটার অংশে কংক্রিটের স্লিপার ও পাথর দিয়ে মেরামত না করলে ট্রেন চালানো সম্ভব হবে না। এর জন্য কমপক্ষে ১৫ দিন সময় লাগবে। সে ক্ষেত্রে সিরাজগঞ্জ বাজার স্টেশনের পরিবর্তে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আপাতত জামতৈল থেকে চালানোর চিন্তাভাবনা করা হচ্ছে।