একই খাদ্যগুদামে দুই ওসি!
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের বদলির আদেশ হয় চলতি বছরের ৯ জানুয়ারি। খাদ্যনিয়ন্ত্রক পদে পদোন্নতি দিয়ে তাঁকে অষ্টগ্রাম উপজেলায় যোগ দিতে বলা হয়। কুলিয়ারচর খাদ্যগুদামের ওসি মুছা মিয়াকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পেয়ে তিনি ১০ জানুয়ারি নতুন কর্মস্থলে যোগ দেন। কিন্তু কর্মস্থল ছাড়েননি মিজানুর রহমান।এতে সরারচর খাদ্যগুদামে আড়াই মাস ধরে এক পদে দুই কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। অপর দিকে শূন্য পড়ে আছে অষ্টগ্রাম উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের পদ। এতে খাদ্যগুদামের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।কার্যালয় থেকে জানা যায়, ২০১১ সালের ১ জুন মিজানুর রহমান সরারচর খাদ্যগুদামে যোগ দেন। গুদামের ওসি পদটি তৃতীয় শ্রেণীর এবং উপজেলা খাদ্যনিয়ন্ত্রক পদ প্রথম শ্রেণীর পদমর্যাদার। কিন্তু পদোন্নতি পেয়ে খুশি হতে পারেননি মিজানুর রহমান। এই অবস্থায় দায়িত্ব বুুঝে পেতে মুছা মিয়া কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় থেকে মিজানুর রহমানকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতেও কাজ হয়নি। ফের ৩ মার্চ মুছা মিয়া লিখিত আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনা তদন্তে জেলা খাদ্যনিয়ন্ত্রক তাঁর কার্যালয়ের সহকারী খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা কাজী সাইফুদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটির সদস্যরা এখনো কাজ শুরু করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, কার্যালয়ের প্রধান দুজন হওয়ায় তাঁদের সমস্যা হচ্ছে। কার কথা শুনে কে আবার সমস্যায় পড়বে। এতে গুদামের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মুছা মিয়া বলেন, ‘আদেশ পেয়ে যথাসময়ে যোগ দিয়েছি। অফিস করছি। বেতন পাচ্ছি। কিন্তু কাজ নেই।’ তিনি জানান, আমন চাল সংগ্রহ চলছে। এখন দায়িত্ব বুঝে না পেলে পরে বিপদে পড়তে হবে। মিজানুর রহমান বলেন, ‘আমাদের এক জায়গায় নিয়োগ দেওয়া হলে সাধারণত তিন বছরের আগে বদলি করা হয় না। কিন্তু আমার বেলায় তা করা হয়নি। দুই বছরের মধ্যে আমাকে বদলি করা হয়েছে। তা ছাড়া আমাকে পুরোপুরি পদোন্নতি দেওয়া হয়নি, চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিকার পেতে আদালতে গেছি। সুরাহা না হওয়া পর্যন্ত পদ ছাড়ছি না।’ জেলা খাদ্যনিয়ন্ত্রক তপন কুমার দাস জানান, মিজানুর রহমানকে বদলি করা হয়েছে। মুছা মিয়াকে দেওয়া হয়েছে সরারচর খাদ্যগুদামের দায়িত্ব। কয়েক দিনের মধ্যে তদন্ত দল কাজ শুরু করবে। প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।