একই গ্রাম থেকে পাঁচ নারীকে ভারতে পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধবা মা জানতেন, তাঁর মেয়ে (২৫) ঢাকায় গেছে ভালো চাকরি নিয়ে। প্রতি মাসে অভাবের সংসারে টাকা পাঠাবে মেয়ে। কিন্তু হঠাৎ ওই গ্রাম থেকে পাচার হওয়া অপর এক নারী (৩৫) ভারতের নয়াদিল্লি থেকে মুঠোফোনে ওই মায়ের এক প্রতিবেশীকে জানান, ঢাকায় চাকরি দেওয়ার কথা বলে ওই গ্রামেরই এক ব্যক্তি তাঁদের দুজনকে পৃথকভাবে ভারতের দিল্লিতে এক নারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। সেখানে তাঁদের দুজনকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে।বাগেরহাটের সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মগরা গ্রামে সম্প্রতি নারী পাচারের এ ঘটনা ঘটে। ওই গ্রাম থেকে আরও তিনজন নারীকে একইভাবে পাচার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি জানার পর ২৩ জুলাই নারী পাচারের অভিযোগে একই গ্রামের রোকন শেখ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় ওই বিধবা মা মামলা করেছেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।নয়াদিল্লি থেকে মুঠোফোনে ওই নারী আরও জানান, ৫০ হাজার টাকা পেলে ভারতের ওই নারী ব্যবসায়ী তাঁদের দুজনকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে। বুধবার ওই গ্রামে গিয়ে কথা হয় মামলার বাদী ওই বিধবা মায়ের সঙ্গে। তিনি বলেন, তাঁর মেয়ে গ্রামে গ্রামে ঘুরে শাড়ি-কাপড় ফেরি করে বিক্রি করতেন। গত জুন মাসের প্রথম দিকে তাঁর মেয়ে বলেছেন, একই গ্রামের রোকন শেখ তাঁকে ঢাকায় ভালো চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওই প্রস্তাবে তিনি আপত্তি করেন। একপর্যায়ে গত ২৩ জুন দুপুরে তাঁর অনুপস্থিতিতে রোকন মোটরসাইকেলে করে তাঁর মেয়েকে নিয়ে যান। পরে তিনি এ বিষয়ে রোকনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, তাঁর মেয়ে ঢাকায় ভালো চাকরি করছেন। শিগগিরই টাকা পাঠাবেন। মেয়েকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, ‘খাবারই জোটে না ঠিকমতো। আমি কীভাবে টাকার জোগাড় করে মেয়েকে ফিরিয়ে আনব?’ মামলার আসামিকে গ্রেপ্তার করে তাঁর মেয়েকে ফিরিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, রোকন শেখ, তাঁর মা মোমেনা বেগম এবং স্ত্রী জেসমিন বেগম নারী পাচারকারী চক্রের সদস্য। তাঁদের সঙ্গে একই গ্রামের আরেকটি পরিবার এবং পার্শ্ববর্তী ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা গ্রামের আরও দুই ব্যক্তিও জড়িত। এই চক্রটি গত এক বছরের মধ্যে আরও তিন নারীকে ভারতের মুম্বাইয়ে পাচার করেছে। তবে ওই তিন মেয়ের পরিবার দাবি করেছে, মুম্বাই শহরে তাঁরা বিভিন্ন বাড়িতে কাজ করছেন এবং পরিবারকে নিয়মিত টাকা পাঠাচ্ছেন। তবে মুম্বাইয়ের কোথায় তাঁরা অবস্থান করছেন, সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই।কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম বলেন, ঘটনার শিকার পরিবার দুটি খুবই গরিব। তিনি মেয়ে দুটিকে উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ নারী পাচার প্রতিরোধে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।গত শুক্রবার বিকেলে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের সপক্ষে মামলার বাদী মুঠোফোনে কথোপকথনের একটি সিডি জমা দিয়েছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তাারের চেষ্টা চলছে।