একই গ্রামে পৃথক সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামে গতকাল শনিবার পৃথক দুটি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্র জানায়, খাটুরা গ্রামে অহিদ হোসেনের সঙ্গে তাঁর মামা একই গ্রামের ছায়েব আলীর একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার অহিদ হোসেনের ছেলে আকবর হোসেন (৩৫) গ্রামের পাশের একটি মাঠে গরুর ঘাস কাটতে গেলে ছায়েব আলীর ছেলে জমসেদ (৩২), জাফর আলী (২৮) ও মোর্শিদ মিয়া (৪০) তাঁকে মারধর করেন। এ ঘটনায় আকবর শুক্রবার রাতে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দেন। স্থানীয় সূত্র জানায়, এ নিয়ে গতকাল সকালে দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে আকবর হোসেন (৩৫), ফরাস উদ্দিন (২৯), অহিদ হোসেন (৬৫), হালিমা খাতুন (২৩), নাজমা খাতুন (২৬), অজিদ মিয়া (২০), আজগর মিয়া (২৬), জাফর আলী (২৬), সফর আলী (৩০), আবুল হোসেন (৪৮) ও আব্দুর রহিমকে (২২) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে গ্রামের ইউপি সদস্য ছুট্টু মিয়ার জমির আইল নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে রফিকুল জমির আইল কাটতে গেলে ছুট্টু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে রুবেল মিয়া (১৭) ও আকছির মিয়াকে (৩৫) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জুলহাস মিয়াকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।