একই গ্রামের ছয়জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় গত মঙ্গলবার একই গ্রামের ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় গতকাল বুধবার দ্রুতগামী বাসের সঙ্গে পণ্যবাহী করিমনের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।মেহেরপুরে হতাহত ব্যক্তিদের সবার বাড়ি সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। এই ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের মাতম। গতকাল একসঙ্গে তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার তেরাইল নামক স্থানে ঢাকা থেকে মেহেরপুরগামী এসবি ফাতেমা পরিবহনকে একটি পেঁয়াজভর্তি ট্রাক সাইড দিতে গিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রঘুনাথপুর গ্রামের আবদুর রশিদের ছেলে শরিফুল ইসলাম (৩৮), দবির উদ্দিনের ছেলে নাগরাজ আলী (৩৫), আজিজুল ইসলামের ছেলে সাবান আলী (৪১), আক্কাছ আলীর ছেলে তোফাজ্জেল হোসেন (৩৩), ইনতাজ আলীর ছেলে আকমল হোসেন (৪২) ও মুন্তাজ আলীর ছেলে ইনতাজ হক (৩১)। আহত হয়েছেন একই গ্রামের হায়দার আলী (২৮), কফেল উদ্দিন (৩৪), আবদুস সোহেল (৩২), শাহ আলম (২৯), লোকমান হোসেন (২৩), চাদু (৩৪), কায়জারসহ (২৯) ১০ জন। তাঁদের মেহেরপুর, কুষ্টিয়া, গাংনীসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।আহত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা সবাই ট্রাকের ওপর ও ভেতরে ছিলেন। নিজেদের জমির পেঁয়াজ তুলে সম্মিলিতভাবে একটি ট্রাকবোঝাই করে বিক্রির জন্য ঢাকা যাচ্ছিলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে রাস্তার কোনো কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় একটি বাসকে সাইড দিতে গিয়ে তাঁদের ট্রাকটি খাদে পড়ে যায়। তাঁরা সবাই আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ক্ষুদ্র পেঁয়াজচাষি।চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কের জীবননগর উপজেলার হাসাদহ এলাকায় বুধবার সকাল ১০টায় দ্রুতগামী বাসের সঙ্গে পণ্যবাহী করিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (২৭) নামে প্রাণ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি নিহত ও করিমনচালক আমিনুর রহমান (৩০) আহত হয়েছেন। আমিনুরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুল জীবননগর আঁশতলা পাড়ার আলাউদ্দিনের ছেলে।