একই ছাদের তলায় শোক আর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। বাসাজুড়েই আনন্দ। আত্মীয়স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছিলেন আফজাল হোসেন (২০)। কিন্তু রাত পেরিয়ে সকাল হওয়ার আগেই বাসাজুড়ে নেমে এল শোকের ছায়া। অনুষ্ঠানস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন আফজাল।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর গেন্ডারিয়ার শহীদ নগরের আজগর আলী লেনে এ ঘটনা ঘটে। আফজাল বোরহান উদ্দিন কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে অকৃতকার্য হন।
আফজালের মামা মো. বাদল বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে আফজাল চতুর্থ। পরিবারের সঙ্গে গেন্ডারিয়ার শহীদনগরে আজগর আলী লেনের পাঁচতলা বাড়ির দুইতলা বাসায় থাকতেন। বৃহস্পতিবার তাঁর বড় ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠান ছিল। বাড়ির ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত তিনটার দিকে অনুষ্ঠান প্রায় শেষের পথে। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বইছিল দমকা হাওয়া। বৃষ্টি ও দমকা হাওয়ার মধ্যে অনুষ্ঠানে ব্যবহৃত একটি বাতির বৈদ্যুতিক তার ছিঁড়ে আফজালের গায়ে এসে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মো. বাদল বলেন, আজ (শুক্রবার) আফজালের বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। কিন্তু পরিস্থিতির কারণে সেই অনুষ্ঠান বন্ধ করা যায়নি। একদিকে চলছে বিয়ের অনুষ্ঠান, অন্যদিকে শোকের মাতম। যেভাবে ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। কোনোমতে অনুষ্ঠান শেষ করে লাশ দাফন করা হবে।
ঘটনার ব্যাপারে গেন্ডারিয়া থানা থেকে বলা হয়, ঘটনাস্থল শহীদনগর যাত্রাবাড়ী থানার অধীন। তবে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, তিনি ঘটনাটি শোনেনি।