একই জমি দুজনের কাছে বিক্রি
নাটোরের বড়াইগ্রামে একই জমি দুজনের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে প্রতারণার অভিযোগে এক বিমা কর্মকর্তা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গত শনিবার বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, ইসলামী ইনস্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা মো. আতিকুর রহমান খান (বর্তমানে মতিঝিল শাখায় কর্মরত) ও তাঁর সহদর মো. নাজমুল হক খান ২০০৭ সালের ১৮ অক্টোবর বাড়িসহ তাঁদের সাড়ে সাত শতাংশ জমি বিক্রি করেন। গড়মাটি কলোনী গ্রামের সালাহ্ উদ্দিন বিশ্বাস ওই জমি কেনেন। গড়মাটি রানীবাড়ী মৌজার ওই জমি বিক্রি বাবদ তাঁরা ৬০ হাজার টাকা নেন। সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধন করার পর বাড়িসহ জমিটির দখল বুঝে চাইলে তাঁরা গড়িমসি শুরু করেন।সালাহ্ উদ্দিন সম্প্রতি নাটোর সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন, তাঁর কাছে বিক্রি করা ওই জমি ১৯৯৩ সালের ১২ ডিসেম্বর একই গ্রামের নজরুল ইসলাম ওরফে নজুর কাছে ওই দুই সহদর বিক্রি করেছেন। বিষয়টি গোপন রেখে তাঁরা নজরুল ইসলামের বড় ভাইয়ের কাছে জমির দখল হস্তান্তর করেন।প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সালাহ্ উদ্দিন শনিবার বড়াইগ্রাম থানায় ওই দুই সহদরের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন।সালাহ্ উদ্দিন বিশ্বাস জানান, প্রতিবেশী হওয়ায় এবং জমিটি তাঁর বাড়ির জমিসংলগ্ন হওয়ায় সরল বিশ্বাসে কেনেন। থানার ওসি আনোয়ার হোসেন জানান, মামলাটি তদন্তের জন্য পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।মো. নাজমুল হক খান মুঠোফোনে বলেন, ‘আমরা বাড়িসহ জমিটি সালাহ্ উদ্দিন বিশ্বাসের কাছেই বিক্রি করেছি। বাস্তবে নজরুল ইসলামের কাছে জমি বিক্রি করিনি। তাঁর নামে কীভাবে দলিল হয়েছে, তা বলতে পারব না।’