একই জায়গায় আ.লীগের দুপক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার দত্তপাড়ায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। একই জায়গায় আওয়ামী লীগের দুপক্ষ কর্মসূচি ডাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিনা বেগম জানান, একই জায়গায় দুপক্ষ কর্মসূচি ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় এবং তার আশপাশের ৫০০ গজ এলাকার মধ্যে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সব ধরনের মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৭ ডিসেম্বর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ বেলা তিনটায় নরসিংদী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়।

ওই কমিটির ওপর অনাস্থা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামানের নেতৃত্বে একই জায়গায় একই সময়ে আবারও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ডাকা হয়। এতে দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ওই বিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে।