একই জায়গায় তিন দিন আগের দুর্ঘটনা গোপন রাখায় লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি বিপাশা দুর্ঘটনার শিকার হওয়ার তিন দিন আগে একই জায়গায় পণ্যবাহী তিনটি দেশি জাহাজের পৃথক দুটি সংঘর্ষে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইটিএ) এক পরিচালক ও স্থানীয় পুলিশ বিষয়টি জানার পরও গোপন রাখে। জাহাজডুবির স্থানে কোনো নিশানাও (বয়া মার্কিং) দেওয়া হয়নি। এটিই লঞ্চ দুর্ঘটনার প্রধান কারণ।২০ এপ্রিল সরাইল উপজেলার আবুয়াইল ইউনয়নের মেঘনা নদীতে বিপাশা ডুবে যায়। এই ঘটনা তদন্তে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিবেদনে দুর্ঘটনার মূল কারণ হিসেবে তিন দিন আগের দুটি দুর্ঘটনার কথা বলা হয়। কমিটির প্রধান ছিলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন। কমিটি গত ৪ মে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়।একই ঘটনা তদন্তে সমুদ্র পরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের আরেকটি কমিটি করা হয়েছিল। ওই কমিটির প্রতিবেদনে নিশানা না থাকায় ডুবন্ত জাহাজে ধাক্কা লেগে বিপাশা ডোবার উল্লেখ ছিল। কিন্তু দোষীদের চিহ্নিত করা কিংবা কারও বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়নি। এই প্রতিবেদন গত মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জোবায়ের আহমদের কাছে জমা দেওয়া হয়। কমোডর জোবায়ের প্রথম আলোকে বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দুর্ঘটনার জন্য বিআইডব্লিউটিএ এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার নাম ও পদবি উল্লেখ করে দায়িত্বে অবহেলার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের ও বিভাগীয় শাস্তির সুপারিশ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন বিআইডব্লিউটিএর পরিচালক ফজলুর রহমান, ট্রাফিক পরিদর্শক মো. শাহ্ আলম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্বাস উদ্দিন ও আরুয়াইল পুলিশ ক্যাম্পের শিক্ষানবিশ উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ।যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান আলাউদ্দিন বৈঠকে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। কমিটির সদস্য ও ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ ৪ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা সরেজমিন তদন্ত এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছি। এতে দুর্ঘটনার কারণ, এর জন্য কারা দোষী এবং তাঁদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছি।’তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, লঞ্চডুবির তিন দিন আগে ১৭ মার্চ ভোরে একই স্থানে তিনটি কোস্টার (পণ্যবাহী) জাহাজের মধ্যে পর পর দুটি সংঘর্ষ হয়। এতে একই জায়গায় এমভি আনোয়ার ইসলাম নামের একটি পাথরবাহী জাহাজ ডুবে যায়। এমভি আনোয়ার ইসলাম ডুবে যাওয়ার বিষয়টি বিআইডব্লিউটিএর পাইলট মো. হাদিসুর রহমান পরিচালক ফজলুর রহমানকে জানান। কিন্তু ফজলুর রহমান ওই জায়গায় সঠিক নিশানা বা বয়াবাতি না লাগিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।দুর্ঘটনার পর আরুয়াইল পুলিশ ফাঁড়ির এসআই আবু ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করে থানার ওসিকে (তদন্ত) জানান। কিন্তু ওসি আব্বাস উদ্দিন ও এসআই ইউসুফ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট বা মহাপরিচালক (ডিজি) শিপিং—কাউকে জানাননি, যা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ৪৪(৩) উপধারার লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, এমভি আনোয়ার ইসলাম ডুবে যাওয়ার জন্য দায়ী আরও দুই কোস্টার জাহাজ সনদধারী সারেং, মাস্টার ও ইঞ্জিন ড্রাইভারের বদলে সুকানি-গিজার দ্বারা পরিচালিত হচ্ছিল। এ কারণে ওই দুই কোস্টারের মালিকের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তিন দিন আগে দুর্ঘটনাকবলিত কোস্টার জাহাজের মালিকেরা প্রভাব খাটিয়ে এবং পুলিশ ও অন্যদের যোগসাজশে দুর্ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। দুই দিন পর ১৯ মার্চ সরাইল থানায় ওই ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্ত প্রতিবেদনে এমভি বিপাশার দুর্ঘটনার জন্য ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য ও যাত্রী পরিবহনকে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়, ৫০ জন যাত্রী ধারণক্ষমতার ওই লঞ্চে ১৫০ জন যাত্রী তোলা হয়েছিল এবং অতিরিক্ত ৪০-৫০ বস্তা মালামাল ওঠানো হয়। লঞ্চ ছাড়ার আগে ভৈরব ঘাটে এটা দেখার দায়িত্ব ছিল বিআইডব্লিউটিসির ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহ্ আলমের। কিন্তু তিনি ঘাটে উপস্থিত ছিলেন না।