একই টিকার ভিন্ন ভিন্ন দাম
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী, বরং এখন আরও দ্রুত গতিতে। এই মহামারি রুখতে ইতিমধ্যে দেশে দেশে উদ্ভাবিত হয়েছে বেশ কয়েকটি টিকা। সেগুলোর অনুমোদন, উৎপাদন ও ব্যবহারও শুরু হয়েছে। কিন্তু পৌনে আট শ কোটি মানুষের বিশ্বে তা খুবই অপ্রতুল। তাই দেশগুলো যে যেভাবে পারছে, টিকা সংগ্রহের জোর চেষ্টা করছে। এতে একই প্রতিষ্ঠানের উৎপাদিত টিকা ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দাম পড়ছে।
ইউনিসেফের ওয়েবসাইটে করোনার টিকা কোন দেশ কী দামে কিনছে, সে ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে। ইউনিসেফ বলছে, এখন পর্যন্ত কোভিড-১৯ রোগের মোট ৯টি টিকা বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে। চলতি বছর বিশ্বব্যাপী ২০ বিলিয়ন ডোজ টিকা তৈরি হতে পারে।
ইউনিসেফের ওয়েবসাইটের তথ্যমতে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রতিটি ডোজ ইউরোপীয় কমিশন কিনছে ২ দশমিক ১৯ ডলারে। এই টিকা কেনা হচ্ছে সরাসরি অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে। টিকাটি প্রত্যেককে দুটি ডোজ করে নিতে হবে। সেই হিসেবে টিকা নিতে প্রতিজনে খরচ হবে সাড়ে চার ডলারের কম।
অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকেই করোনার টিকা কিনছে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রও। ফিলিপাইনের খরচ হচ্ছে প্রতি ডোজ আড়াই ডলার। সে হিসাবে দুই ডোজে লাগবে ৫ ডলার। যুক্তরাষ্ট্র আবার প্রতি ডোজ কিনছে ৪ ডলারে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এটি বিশ্বের সবচেয়ে বড় টিকা নির্মাতা প্রতিষ্ঠান। ভারতে তৈরি অক্সফোর্ডের টিকার নাম হয়েছে কোভিশিল্ড। ভারতীয় সরকারকে প্রতি ডোজের এই টিকা ৩ দশমিক ২০ ডলারে দেবে সেরাম। অর্থাৎ দুই ডোজে খরচ হবে ৬ দশমিক ৪০ ডলার। ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে ইউনিসেফ। তবে ভারতের বাজারের ব্যক্তিগত খাতে এই টিকার প্রতি ডোজ বিক্রি হবে ৭ দশমিক ৪৩ ডলারে। লাইভমিন্টের খবরে বলা হয়েছে, সে ক্ষেত্রে দুই ডোজে খরচ হবে ১৫ ডলারের একটু কম।
ইউনিসেফ বলছে, এখন পর্যন্ত কোভিড-১৯ রোগের মোট ৯টি টিকা বিভিন্ন দেশে অনুমোদন পেয়েছে। চলতি বছর বিশ্বব্যাপী ২০ বিলিয়ন ডোজ টিকা তৈরি হতে পারে।
অবশ্য সেরাম ইনস্টিটিউট কোভ্যাক্স চুক্তির আওতায় অক্সফোর্ডের প্রতি ডোজ টিকা দেবে ৩ ডলারে। অর্থাৎ ৬ ডলার খরচেই করোনার দুই ডোজের টিকা নেওয়া যাবে। টিকার এই দাম নিশ্চিতের তথ্য পাওয়া গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত খবরে।
অক্সফোর্ডের টিকা বেচতে বাংলাদেশের সঙ্গে চুক্তি আছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে ইউনিসেফ জানাচ্ছে, সেরামের প্রস্তুতকৃত টিকার প্রতি ডোজ বাংলাদেশ কিনবে সাড়ে ৪ ডলারে। অর্থাৎ দুটি ডোজ কিনতে খরচ হবে ৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় দুটি ডোজ কিনতে খরচ হবে ৮০০ টাকার কম।
সেরামের সঙ্গে চুক্তির পর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে প্রতি ডোজ টিকা কিনতে পাঁচ ডলারের মতো খরচ হতে পারে।
অক্সফোর্ডের তৈরি টিকার চেয়ে ফাইজার-বায়োএনটেক বা মডার্নার তৈরি করোনা টিকার দাম তুলনামূলক বেশি। যেমন: ফাইজারের তৈরি টিকার প্রতিটি ডোজ ইউরোপীয় কমিশন কিনছে ১৪ দশমিক ৭০ ডলারে। যুক্তরাষ্ট্র এটি কিনছে প্রতি ডোজ ১৯ দশমিক ৫০ ডলারে।
যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি টিকার দাম আরও বেশি। অধিক আয়ের ধনী দেশগুলো মডার্নার টিকার প্রতি ডোজ কিনছে সাড়ে ৩৪ ডলারে। ইউরোপীয় কমিশন আবার কিনছে ১৮ ডলারে। আর যুক্তরাষ্ট্রের প্রতি ডোজে খরচ হচ্ছে ১৫ ডলার করে।
সেরামের প্রস্তুতকৃত টিকার প্রতি ডোজ বাংলাদেশ কিনবে সাড়ে ৪ ডলারে। অর্থাৎ দুটি ডোজ কিনতে খরচ হবে ৯ ডলার।
রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি টিকার দাম অবশ্য তুলনামূলকভাবে কম। লাতিন আমেরিকার দেশগুলো গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের কাছ থেকে এই টিকার প্রতি ডোজ কিনবে ৩ ডলারে। রাশিয়া বাদে বাকি বিশ্বকে এ জন্য খরচ করতে হবে ১০ ডলার করে।
ওদিকে চীনের সিনোভ্যাকের তৈরি টিকা করোনাভ্যাক কিনছে ব্রাজিল। প্রতি ডোজের জন্য দিতে হচ্ছে ১০ দশমিক ৩০ ডলার করে। ইন্দোনেশিয়ার কাছে এই টিকা বিক্রি করা হচ্ছে ১৩ দশমিক ৬০ ডলারে।