
জয়পুরহাটের কালাই উপজেলায় অভাবী মানুষের কিডনি বেচাকেনা নিয়ে ব্যবসার দায়ে দুই বছর আগে আটক হয়েছিলেন তাঁরা। পরে এ-সংক্রান্ত মামলায় অভিযুক্তও হন। এখন অভিযোগ উঠেছে, জামিনে বেরিয়ে এসে এই দালালদের অন্তত পাঁচজন এলাকায় কিডনি-বাণিজ্য ফের জমিয়ে তুলেছেন।দালালেরা এবার আরও বেশি দামের টোপ ফেলছেন। সতর্কতাও বেড়েছে। কিডনি বিক্রেতাদের ভুয়া নাম-ঠিকানা দিয়ে জাল জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করিয়ে মূলত ভারতে নিয়ে গিয়ে কিডনি আহরণ করা হচ্ছে।গত নয় মাসে দালালেরা অন্তত ১৫ জন দরিদ্র নারী-পুরুষের কিডনি বিক্রি করিয়ে দিয়েছেন। ঢাকায় নিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার শেষে কিডনি আহরণের জন্য তৈরি রাখা হয়েছে আরও অন্তত ১০ জনকে। তাঁদের নিরাপত্তার ভয় থাকায় প্রথম আলো সবার নাম প্রকাশ করছে না।এদিকে কিডনি বিক্রেতাদের কেউ কেউ প্রতিশ্রুত অঙ্কের টাকা পাননি। কলকাতার একটি বেসরকারি ক্লিনিকে কিডনি কাটানোর পরে একজন দেশে ফিরেছেন অসুস্থ হয়ে। একজনের কাছে অবশ্য ভারতের ‘কলাম্বিয়া এশিয়া’র মতো নামী হাসপাতালের কাগজপত্রও দেখা গেছে।
তাঁরা পাঁচজন: গত কয়েক দিনে কালাইয়ের তিনটি ইউনিয়নের ১০টি গ্রামে খোঁজখবর করে কিডনি-বাণিজ্যের দালাল হিসেবে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁদের মধ্যে তারেক আজম চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম ওরফে দাউদ, নাফিজ মাহমুদ, আবদুস সাত্তার ও আবদুল মান্নান—এ পাঁচজন আগের মামলাটির অভিযোগপত্রভুক্ত আসামি। কিডনি বিক্রেতা ও এলাকার মানুষজন বলছেন, প্রথমোক্ত তিনজন ঢাকায় বসে কিডনির ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। নাফিজ একই সঙ্গে ভারতের ‘কলম্বিয়া এশিয়া’ হাসপাতালের এ দেশীয় প্রতিনিধি। বাকি দুজন অর্থাৎ সাত্তার ও মান্নান তাঁদের হয়ে কালাইয়ে কাজ করছেন। আবদুস সাত্তার অবশ্য প্রথম আলোর কাছে দাবি করেন যে তিনি কিডনির দালালি ছেড়ে দিয়েছেন এবং ঢাকার তারেক আজম সরাসরি যোগাযোগ করে কালাই থেকে কিডনি কেনেন। ঢাকা এলাকার মানুষজন কিছু নতুন দালালের নামও বলেন, তবে এ ব্যবসায় পুরোনোরাই প্রধান।
দুর্বল মামলা, পাল্টায়নি দৃশ্যপট: কালাইয়ের অভাবী মানুষকে লোভ দেখিয়ে এবং শারীরিক সমস্যা না হওয়ার আশ্বাস দিয়ে তাদের কিডনি ও যকৃত নিয়ে দালাল চক্রের ব্যবসা সম্পর্কে ‘২০০ অভাবীর কিডনি বিক্রি’ শিরোনামে প্রথম আলোয় প্রথম অনুসন্ধানী প্রতিবেদনটি বেরোয় ২০১১ সালের ৩০ আগস্ট। অন্যান্য গণমাধ্যমেও কয়েক দিন ধরে খবরটি প্রকাশিত হতে থাকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় গত বছরের ৩১ অক্টোবর ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যাঁদের মধ্যে তারেক, সাইফুল, নাফিজ, সাত্তার ও মান্নানের নাম রয়েছে। এখন পর্যন্ত মামলার শুনানির তারিখ পড়েনি। এদিকে জড়িত হিসেবে ঢাকার যেসব চিকিৎসক বা ক্লিনিক-হাসপাতালের নাম এসেছিল, অভিযোগপত্রে সেগুলো সম্পর্কে কিছু বলা হয়নি।
সরকারের তরফ থেকে ভুক্তভোগী ও দরিদ্র মানুষদের পুনর্বাসন ও চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তেমন কিছু হতে দেখা যায়নি।
রমরমা কিডনি ব্যবসা: কালাইয়ের উদয়পুর, মাত্রাই ও আহম্মেদাবাদ ইউনিয়নের ১০টি গ্রাম ঘুরে স্থানীয় বাসিন্দা ও কিডনি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছর আগে ফাঁস হয়ে যাওয়ার পর কালাই উপজেলায় কিডনি ব্যবসা কিছুদিন বন্ধ ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে দালালেরা আবারও তৎপর হয়ে উঠেছেন।
এলাকার মানুষজন বলছেন, বেশ কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে যাচ্ছেন অভাবী মানুষজন। কয়েক মাস পর বাড়ি ফিরে তাঁরা প্রতিবেশীদের বলছেন, ঢাকায় রিকশা চালিয়েছেন। কেউ বলছেন, পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন। এরপর একসময় কিডনি বিক্রির বিষয়টি জানাজানি হয়ে যাচ্ছে।
কিডনি বিক্রেতা হিসেবে এলাকায় চিহ্নিত ১৫ জনের নয়জন উদয়পুর ইউনিয়নের বহুতি, জয়পুর বহুতি, অর্নিহার, শিমরাইল, পাইকপাড়া ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনজন মাত্রাই ইউনিয়নের উলিপুর, ভেরেন্ডি ও কুসুমসাড়া গ্রামের বাসিন্দা। আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামে রয়েছেন এক দম্পতি এবং একজন থাকেন কালাই পৌরসভার থুপসাড়া এলাকায়। তাঁদের কেউ কেউ প্রথম আলোর কাছে বিষয়টি খোলাখুলি স্বীকার করেছেন, তবে দালালের কথা বলতে চাননি।
সর্বশেষ কিডনি বিক্রি করে গত সোমবার বাড়ি এসেছেন উদয়পুরের পাইকপাড়া গ্রামের এক দিনমজুর। গত মঙ্গলবার তাঁর বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। আওয়ামী লীগের উদয়পুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওই দিনমজুর বেশ কিছুদিন নিরুদ্দেশ ছিলেন। বাড়ি ফিরে পরিবারকে তিনি জানিয়েছেন, ভারতে গিয়ে কিডনি বিক্রি করার পর টাকা বুঝে না পাওয়ায় বাড়িতে ফিরতে দেরি হয়েছে।
এলাকার পল্লিচিকিৎসক আমিনুল ইসলাম বলেন, কয়েক মাস আগে এক দালাল তাঁকে সিঙ্গাপুরে চাকরি দেওয়ার কথা বলে ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যান। তারপর কিডনি দেওয়ার শর্ত দিলে তিনি কোনো রকমে দেশে ফেরার উপায় করেন। এ পল্লিচিকিৎসক আরও বলেন, জয়পুর বহুতি গ্রামের এক নারী তাঁর কাছে জন্মনিয়ন্ত্রণের পরামর্শ চাইতে এসে জানিয়েছেন, তিনি সম্প্রতি ভারতে গিয়ে কিডনি বিক্রি করেছেন।
উদয়পুরের শিমরাইল গ্রামের রিকশাচালক ছাকোয়াত হোসেন বলছেন, গত ডিসেম্বরে বেঙ্গালুরুর কলম্বিয়া এশিয়া হাসপাতালে তিনি ঢাকার একজন সাংবাদিককে কিডনি দিয়েছেন। ছাকোয়াতের দাবি, ঢাকায় রিকশা চালাতে গিয়ে নিজেই এই ক্রেতার সঙ্গে পরিচিত হন। তারপর আড়াই লাখ টাকার বিনিময়ে কিডনি বিক্রির চুক্তি করেন। পাসপোর্ট-ভিসা সবকিছুই করেছেন ক্রেতা। ছাকোয়াত শুধু ভারতে গিয়ে কিডনি দিয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করলে ‘শ’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিটি বলেন, তিনি একটি এফএম রেডিওর শীর্ষস্থানীয় কর্মকর্তা। ঘটনাটি অস্বীকার না করে তিনি বলেন, ‘একটু পরে আপনাকে ফোন করে সব জানাচ্ছি।’ তিনি আর ফোন করেননি।
অসুস্থ ও প্রতারিত হওয়া: বোড়াই গ্রামের দিনমজুর বেলাল হোসেন ও তাঁর স্ত্রী জোসনা বেগম বলেন, তাঁরা ঢাকার দুজন ব্যক্তির কাছে সাড়ে পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি করেছেন। কিডনি কাটানোর জন্য ভুয়া নাম-ঠিকানায় তাঁদের পাসপোর্ট-ভিসা করিয়ে ভারতে নেওয়া হয়। তাঁরা কলকাতার রেমিডি নার্সিং হোম নামের একটি ক্লিনিকের ছাড়পত্র দেখিয়ে জানান, মাহফুজা নামে ভর্তি হয়ে গত ২৪ এপ্রিল জোসনা ছাড়া পান। দেশে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
কিডনি বিক্রি করেও প্রতিশ্রুত টাকা পাননি উলিপুর গ্রামের আজাদুল ইসলাম। মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, ২০০৭ সালে ঢাকায় রিকশা চালাতে গিয়ে এককালের জনপ্রিয় এক চিত্রনায়কের দেখা পান এবং তাঁর প্রতিবন্ধী ছেলের দেখাশোনার কাজ নেন। চিত্রনায়কের স্ত্রীর কিডনি খারাপ হলে তাঁকে কিডনি দিতে বলা হয়। চিত্রনায়ক আজাদুলকে একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
আজাদুল বলেন, ‘মো. আজাদ হোসেন’ নামে তাঁর পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র তৈরি করা হয়। ভারতের বেঙ্গালুরুর কলম্বিয়া এশিয়া হাসপাতালে ২০১২ সালের ১২ ডিসেম্বর তাঁর একটি কিডনি নিয়ে নেওয়া হয়। দেশে ফিরে চিত্রনায়ক তাঁকে দুই লাখ ৭০ হাজার টাকা দিয়ে বাসা থেকে বের করে দেন।
এ ব্যাপারে ওই চিত্রনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে জয়পুর বহুতি গ্রামের জাহেদা গত মাসে ভারতের একটি হাসপাতালে কিডনি দিয়ে এসেছেন একই গ্রামবাসী দালাল আবদুল মান্নানের মাধ্যমে। জাহেদার পরিবারের সদস্যরা বলছেন, মান্নান সামান্য কিছু টাকা জাহেদার হাতে ধরিয়ে দিয়েছেন।
যোগাযোগ করা হলে দালাল মান্নান এ প্রতিবেদককে বলেন, ‘মানুষের জীবন বাঁচাতে কেউ কেউ অন্যকে কিডনি দান করেন। কেউ কিডনি দান করতে চাইলে আমি মধ্যস্থতা বা সহযোগিতা করি। এতে খুশি হয়ে কিডনিগ্রহীতা কিছু টাকা আমার হাতে দেন। সেই টাকায় আমার সংসার চলে।’ মান্নানের দাবি, জাহেদার ভাগের টাকা তিনি নেননি।
গ্রামের অনেক মানুষ বলেছেন, মান্নান একসময় দিনমজুরি করতেন। এখন তিনি চার একর জমি চাষাবাদ করেন, মোটরসাইকেল হাঁকিয়ে চলেন।
আছে, নেই আর হবে: মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার প্রথম আলোকে বলেন, ‘কয়েকটি গ্রামে কিডনি কেনাবেচার খবর প্রায়ই কানে আসছে। কিন্তু দুই বছর আগে সরকারি কর্মকর্তারা পুনর্বাসন-চিকিৎসার প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কিছু করতে না পারার লজ্জায় এ ব্যাপারে বেশি খোঁজখবর রাখিনি।’
জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলম অবশ্য প্রথম আলোকে বলেন, কালাই এলাকায় নতুন করে কিডনি বিক্রির খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা তেমন কিছুর প্রমাণ পায়নি।
এদিকে জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন প্রথম আলোকে বলেন, ‘কালাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেনেছি, কিডনি মামলার দালালেরা জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নতুন করে কিডনি বিক্রির জন্য মানুষকে প্ররোচিত করছে। দালালদের তৎপরতা বন্ধ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে।’