একই দিন শুনানি-সভা আহ্বান চিঠি পাননি অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য ভূমি কমিশন আইন সংশোধন না করে ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য শুনানি আহ্বান করায় গতকাল সোমবার রাঙামাটি ও খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উদ্যোগে দুটি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।এসব সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকার না দিয়ে কিছুতেই ভূমিবিরোধ নিষ্পত্তি হতে পারে না। আইনের স্বীকৃতি না দেওয়া পর্যন্ত শুনানিসহ ভূমি কমিশনের সব কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তাঁরা।এদিকে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের সভা এবং ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য শুনানির তারিখ একই দিনে ও একই সময়ে হওয়ায় এ নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার খাগড়াছড়িতে ভূমি কমিশনের কার্যালয়ে সভা ও শুনানি হওয়ার কথা রয়েছে। তবে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য সভার কোনো চিঠি পাননি বলে জানান। চাকমা সার্কেল-প্রধান রাজা দেবাশীষ রায় চিঠি পাননি উল্লেখ করে প্রথম আলোকে বলেন, ‘কমিশনের ঐকমত্য ছাড়া শুনানি আহ্বানের কোনো বৈধতা নেই। এ ছাড়া কমিশনের আইন সংশোধন না হলে সভায় যোগদান করা সম্ভব নয়।’ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সমাজকল্যাণ-বিষয়ক কর্মকর্তা বরুণ চাকমা প্রথম আলোকে বলেন, কমিশনের অন্যতম সদস্য ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার কাছে সভাসংক্রান্ত কোনো চিঠি পাঠানো হয়নি। এক প্রশ্নের জবাবে বরুণ চাকমা জানান, ভূমি কমিশন আইন সংশোধনের ব্যাপারে পরিষদের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে। আইন সংশোধন না করে কমিশন চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কমিশনের সভা আহ্বান ও শুনানির দিন ধার্য করা দুরভিসন্ধিমূলক।তবে মং সার্কেল-প্রধান রাজা সাচিং প্রু কমিশনের চিঠি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘আইন সংশোধন ছাড়া কমিশনের কোনো সভায় যোগ দেওয়ার প্রশ্নই আসে না।’ চিঠিতে সভা আহ্বানের বিষয়টি লেখা থাকলেও শুনানি গ্রহণের বিষয়ে কোনো কিছু নেই বলে মং রাজা উল্লেখ করেন।২০ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের রেজিস্ট্রার আবু হানিফের স্বাক্ষরিত চিঠিতে দীঘিনালা উপজেলার ১০ জন, খাগড়াছড়ি সদরের তিনজন, পানছড়ি উপজেলার ১০ জন, মহালছড়ি উপজেলার ১০ জনকে ২৮ ফেব্রুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়।একই দিন সভা আহ্বান ও শুনানির তারিখ ঠিক করার বিষয়ে জানতে চাইলে কমিশনের সচিব আবদুল হামিদ কোনো মন্তব্য করতে রাজি হননি।শুনানির জন্য চিঠি পাওয়া একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁদের কাছে পাঠানো চিঠিতে শুধু শুনানির কথা লেখা রয়েছে। এ ব্যাপারে গতকাল খাগড়াছড়ি সদরে অবস্থিত ভূমি কমিশন কার্যালয়ে গিয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পাওয়া যায়নি।