একই দিনে চারজনের বদলি, চিকিৎসকশূন্য হাসপাতাল
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যত এখন চিকিৎসকশূন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দুজন চিকিৎসককে অস্থায়ীভাবে এনে কোনোক্রমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির চারজন চিকিৎসকের সবাইকে একই দিনে অন্যত্র বদলি করে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গত রোববার হাসপাতালে সরেজমিনে দেখা যায়, সকাল নয়টা থেকে রোগীরা আসতে শুরু করেছে। শতাধিক রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে চিকিৎসার জন্য অপেক্ষা করছে। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স ফারুক আহমদ, ওয়ার্ডবয় আকবর আলী, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) ফরহাদ হোসেন ও বহির্বিভাগে তিনজন সিএইচসিপিকে (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডর) রোগীদের চিকিৎসা দিতে দেখা যায়। এ সময় তাঁরা জানান, চিকিৎসক না থাকায় তাঁরাই রোগীদের চিকিৎসা দিচ্ছেন। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে এসে চিকিৎসক দেবাশিস বসু রোগী দেখা শুরু করেন। এ সময় তিনি বলেন, ‘চিকিৎসক-সংকট থাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে আমাকে অস্থায়ীভাবে এখানে (স্বাস্থ্য কমপ্লেক্সে) আনা হয়েছে। এখানে নতুন চিকিৎসক যোগদান করলে আমি আবার নিজের স্থানে ফেরত যাব।’ হাসপাতালটির প্রশাসনিক শাখা সূত্রে জানা যায়, ৩১ শয্যার হাসপাতালটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাড়া আটটি (পাঁচটি কনসালট্যান্ট ও তিনটি মেডিকেল কর্মকর্তা) চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে নবেন্দ্যু চৌধুরী, সুপ্তি দাশ, শাহীন আহমদ ও জাকির হোসেন নামে চারজন চিকিৎসক কর্মরত ছিলেন। পৃথক পৃথক বিভাগে প্রশিক্ষণের জন্য মনোনীত হওয়ায় গত ২৮ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে একযোগে তাঁদের বদলি করা হয়। বদলির আদেশপত্র পাওয়ার পর চিকিৎসকেরা ৩০ জুন নির্ধারিত স্থানে চলে যান। এ অবস্থায় ১ জুলাই থেকে হাসপাতালের আটটি চিকিৎসক পদের বিপরীতে সব পদই শূন্য হয়ে পড়ে। তাই ১ জুলাই থেকে বিশ্বনাথ সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা দেবাশিস বসুকে অস্থায়ীভাবে এবং রামপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসকে স্থায়ীভাবে হাসপাতালে নিযুক্ত করা হয়। রোববার বেলা ১১টা পর্যন্ত জান্নাতুল ফেরদৌসকে হাসপাতালে দেখা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসুস্থতার কারণে তিনি রোববার ছুটি নিয়েছেন। উপজেলার হাজারীগাঁও গ্রামের রশিদ আলী গত বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তিনি জানান, সকাল নয়টায় হাসপাতালে এসেছিলেন। ১২টা বাজলেও কোনো চিকিৎসক না আসায় তিনি বাড়ি চলে যান। শ্রীধরপুর গ্রামের ফখরুল আহমদ বলেন, ‘চিকিৎসকেরা থাকার সময়ই ঠিকমতো সেবা পাওয়া যেত না। আর এখন তো চিকিৎসক একেবারেই নেই। এটি হাসপাতাল, নাকি অন্য কিছু?’ বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘একযোগে চারজন চিকিৎসককে বদলি করে নিয়ে যাওয়ায় চিকিৎসকশূন্য হয়ে পড়েছে হাসপাতাল। মানুষকে স্বাস্থ্যসেবা দিতে আমাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।’ তবে সেবিকা, ওয়ার্ডবয় ও মেডিকেল টেকনোলজিস্টদের দিয়ে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি তিনি অস্বীকার করে জানান, তাঁরা চিকিৎসা দেন না। চিকিৎসকদের সহায়তা করেন মাত্র।