একই দিনে টিকা পাবে সব ছাগল ও ভেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্যমতে, উপজেলায় ছাগল ও ভেড়া আছে ৫০ হাজার। সেগুলোকে কাল শনিবার বিনা মূল্যে প্রতিষেধক টিকা দেওয়া হবে। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ কর্তৃপক্ষ।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, পরিষদের নিজস্ব তহবিল থেকে দুই লাখ টাকায় প্রতিষেধক টিকা (ভ্যাকসিন) কেনা হয়েছে। এই উদ্যোগের মধ্য দিয়ে ভ্যাকসিন সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। রোগপ্রতিরোধের মধ্য দিয়ে পশুমৃত্যুর হার কমানো যাবে এবং পশু উৎপাদন বেড়ে যাবে। পাশাপাশি এলাকায় পুষ্টিজনিত ঘাটতি অনেকাংশে পূরণ হবে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, গোটা জীবননগরে ৯০টি স্থানে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রশিক্ষিত টিকাদানকর্মী নিযুক্ত হয়েছেন। তাঁরা সবাই স্বেচ্ছাসেবক। কার্যক্রম তদারকের জন্য উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর, পল্লী উন্নয়ন কর্মকর্তা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সমন্বয়ে চার সদস্যের দল গঠন করা হয়েছে। আর গবাদিপশুর মালিকদের বিষয়টি অবগত করতে কয়েক দিন ধরে মাইকিং ও গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় বলছে, ছাগল-ভেড়ার টিকাদান কর্মসূচি সফল হলে কিছুদিন পর উপজেলার সব গরু-মহিষকেও একইভাবে টিকা দেওয়া হবে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, উপজেলায় প্রতিবছর সময়মতো প্রতিষেধক না দেওয়ায় বিপুলসংখ্যক গবাদিপশু বিভিন্ন রোগে মারা যায়। তা থেকে নিস্তার পেতেই এ কর্মসূচি। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে উপজেলার সব গরু ও মহিষকে একই দিনে প্রতিষেধক টিকা দেওয়া হবে। উপজেলার শতভাগ গবাদিপশুকে এ কর্মসূচির আওতায় এনে রোগপ্রতিরোধ নিশ্চিত করা হবে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ বলেন, গবাদিপশু সুরক্ষার ক্ষেত্রে এটি একটি অভিনব কার্যক্রম। উপজেলা পরিষদের অর্থায়নে প্রথমবারের মতো এই কর্মসূচিতে এরই মধ্যে বেশ সাড়া পড়েছে। গবাদিপশুর মালিকেরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এ ব্যাপারে জানতে চাইলে, উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা আকিমুল ইসলাম প্রথম আলোকে বলেন, গবাদিপশুকে ভ্যাকসিন দেওয়া যে একটি জরুরি বিষয়, তা অনেকেই জানেন না। এ ধরনের কর্মসূচি অন্যান্য উপজেলাতেও গ্রহণ করা দরকার।